ভর্তি পরীক্ষায় জালিয়াতিতে বুয়েট শিক্ষার্থীর কারাদণ্ড
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীর নাম নাসির হোসাইন। তিনি বুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষার্থী।
গতকাল শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সিলেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল ইসলাম চৌধুরী এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ কেন্দ্রে তরিকুজ্জামান নামের এক শিক্ষার্থীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন নাসির। পরে রাত সাড়ে নয়টার দিকে ভ্রাম্যমাণ আদালত তাঁকে দণ্ড দেন।
সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ সরকার প্রথম আলোকে বলেন, নাসিরকে গতকাল রাতেই কারাগারে পাঠানো হয়েছে।