জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় মুঠোফোনে জালিয়াতি করার অভিযোগে গতকাল শুক্রবার ভর্তি-ইচ্ছুক এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। বিকেলে কলা অনুষদের ভর্তি পরীক্ষা চলাকালে কলাভবনের একটি কক্ষ থেকে তাঁকে আটক করা হয়।প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষা চলাকালে বিকেল চারটার দিকে রুপম ইসলাম নামের (ভর্তি পরীক্ষার রোল-১২৩০৭৯৮) এক ভর্তি-ইচ্ছুকের মুঠোফোনে একটি খুদেবার্তা (এসএমএস) আসে। ওই খুদেবার্তায় ভর্তি পরীক্ষার প্রশ্নের উত্তর ছিল। এতে ওই কক্ষে থাকা শিক্ষকেরা ওই শিক্ষার্থীর পরীক্ষা বাতিল করেন। পরে রুপমের মুঠোফোন থেকে ওই মুঠোফোন নম্বরে ফোন করলে এ ঘটনায় ইমরান হোসেন নামের একজন জড়িত বলে অভিযোগ পাওয়া যায়। তবে ইমরান এই অভিযোগ অস্বীকার করেন।জানা যায়, ইমরান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলামের পক্ষের কর্মী। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, বিভিন্ন অভিযোগে ইমরানকে এর আগেও কয়েকবার বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁর সঙ্গে বর্তমানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অশোক কুমার সাহা প্রথম আলোকে বলেন, ইমরান হোসেন অভিযোগ অস্বীকার করলে ভর্তি-ইচ্ছুক ওই শিক্ষার্থীকে আটক করে কোতোয়ালি থানার পুলিশ।