ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রতিটি আসনের বিপরীতে গড়ে ৩৬ জন শিক্ষার্থী আবেদনপত্র সংগ্রহ করেছেন। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ইউনিটের মোট আসনসংখ্যা ছয় হাজার ৩১টি। আবেদনপত্র সংগ্রহ করেছেন দুই লাখ ১১ হাজার ১৭৩ জন।ভর্তির জন্য অনলাইনে প্রাথমিক আবেদনপত্র সংগ্রহের শেষ সময় ছিল গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত। ওই সময় উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে আবেদনপত্র সংগ্রহ কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন এবং উপস্থিত সাংবাদিকদের উপরিউক্ত তথ্য জানান।গত ১৬ আগস্ট থেকে অনলাইনে আবেদনপত্র ছাড়া হয়। ২৫ সেপ্টেম্বর ভর্তি পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহের শেষ দিনে প্রতিটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহীদের প্রকৃত সংখ্যা জানা যাবে।সংবাদ সম্মেলনে উপাচার্য বলেন, ‘ক’ ইউনিটে এক হাজার ৫৫৩টি আসনের বিপরীতে ৫৪ হাজার ৬৭৪ জন, ‘খ’ ইউনিটে দুই হাজার ৩৭৮টি আসনের বিপরীতে ৩৫ হাজার ৯৯৮জন, ‘গ’ ইউনিটে ৯৭৫টি আসনের বিপরীতে ৪১ হাজার ৩৯৭ জন, বিভাগ পরিবর্তনকারী ‘ঘ’ ইউনিটে এক হাজার ছয়টি আসনের বিপরীতে ৭৪ হাজার ৫০ জন এবং ‘চ’ ইউনিটে ১১৯টি আসনের বিপরীতে পাঁচ হাজার ৫৭ জন শিক্ষার্থী আবেদনপত্র সংগ্রহ করেছেন। এই হিসাবে গত বছরের তুলনায় এবার ভর্তি হতে ইচ্ছুকদের সংখ্যা প্রায় ৩০ শতাংশ বেড়েছে।ইউনিট অনুযায়ী আবেদনপত্র সংগ্রহকারীর সংখ্যা হিসাব করলে ‘ক’ ইউনিটে প্রতিটি আসনের জন্য ৩৬ জন, ‘খ’ ইউনিটে ১৬ জন, ‘গ’ ইউনিটে ৪৩ জন, ‘ঘ’ ইউনিটে ৭৪ জন এবং ‘চ’ ইউনিটে ৪৩ জন করে আবেদন করেছেন।উপাচার্য বলেন, যাঁরা ইতিমধ্যে পে-ইন স্লিপ সংগ্রহ করেছেন, তাঁরা আগামী ২০ তারিখের মধ্যে রাষ্ট্রায়ত্ত চারটি ব্যাংকে ভর্তি ফরমের টাকা জমা দিতে এবং ২৫ তারিখ পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। এ ছাড়া যেসব আবেদনকারী আবেদন করতে গিয়ে কোনো ভুল করেছেন, তাঁরা চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত ভুল সংশোধন করার সুযোগ পাবেন।উপাচার্য আরও বলেন, প্রতি ইউনিটের পরীক্ষার আসনবিন্যাস পরীক্ষার নির্ধারিত তারিখের আগেই ওয়েবসাইটে দেওয়া হবে। তা ছাড়া ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীরা যেকোনো মোবাইল ফোন থেকে ১৬৩২১ নম্বরে সংক্ষিপ্ত বার্তা পাঠিয়ে আসনবিন্যাস ও পরীক্ষার ফল জানতে পারবেন। আগামী ১৪ অক্টোবর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা, ২১ অক্টোবর ‘খ’ ইউনিটের, ২৮ অক্টোবর ‘গ’ ইউনিটের, ১৮ নভেম্বর ‘ঘ’ ইউনিটের এবং ২৫ নভেম্বর ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।