রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় এবার থেকে নম্বর কাটা যাবে। প্রতিটি ভুল উত্তরের জন্য কাটা হবে শূন্য দশমিক ২৫ নম্বর।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীরের দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে এমসিকিউ পদ্ধতিতে ৮০ এবং অবশিষ্ট ২০ নম্বর এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। পাস নম্বর গতবারের চেয়ে ৫ নম্বর কমিয়ে ৩৫ করা হয়েছে।
এ ছাড়া নতুন শিক্ষাবর্ষে (২০১৭-১৮) ভর্তি পরীক্ষায় আসনসংখ্যা ৮৫টি বাড়িয়ে ১ হাজার ৩১৫ করা হয়েছে। এর মধ্যে সামাজিক বিজ্ঞান অনুষদে ৩০টি, ব্যবসায় শিক্ষা অনুষদে ৫টি, বিজ্ঞান অনুষদে ৪০টি, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদে ১০টি আসন বাড়ানো হয়েছে।
ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে ২৬, ২৭, ২৮, ২৯ ও ৩০ নভেম্বর।
এ ছাড়া ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।