জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি এবং কর্মচারী ইউনিয়নের আন্দোলনের মুখে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় যোগ্যতা শিথিল করা হয়েছে। তবে প্রশাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শুধু আন্দোলনের কারণে নয়, তুলনামূলকভাবে কম আবেদন জমা পড়ার কারণেও যোগ্যতা শিথিল করা হয়েছে।
কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্যসচিব ও উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মো. আলী জানান, ভর্তি পরীক্ষায় সমাজবিজ্ঞান অনুষদ এবং কলা ও মানবিকী অনুষদের বিভাগগুলোতে মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে যে বিষয়ভিত্তিক যোগ্যতা চাওয়া হয়েছিল, তা কমানো হয়েছে। একই সঙ্গে আবেদনের মেয়াদও ৩১ আগস্ট থেকে বাড়িয়ে ২ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত করা হয়েছে। গত ২৭ আগস্ট কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটি এসব সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি।
২০১৪-১৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় যোগ্যতা শিথিল করার দাবিতে গত মঙ্গলবার দুই দিনের কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি ও কর্মচারী ইউনিয়ন। বুধবার ওই কর্মসূচি পালন করার উপাচার্যের আশ্বাস পেয়ে তারা আন্দোলন স্থগিত করে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভর্তি পরীক্ষার প্রথম বিজ্ঞাপনে সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি, নগর ও অঞ্চল পরিকল্পনা এবং লোকপ্রশাসন বিভাগে ইংরেজিতে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ‘এ গ্রেড’ চাওয়া হয়। পরে নতুন বিজ্ঞাপনে ওই বিভাগগুলোতে ‘এ মাইনাস’ চাওয়া হয়। এভাবে সমাজবিজ্ঞান, কলা ও মানবিক অনুষদের বিভাগগুলোতে আগে বিষয়ভিত্তিক যেসব যোগ্যতা চাওয়া হয়েছিল—তাও শিথিল করা হয়েছে।
এ ব্যাপারে সমাজবিজ্ঞান অনুষদের ডিন ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য মো. আমির হোসেন বলেন, কর্মচারীদের আন্দোলন কোনো বিষয় নয়। সব দিক বিবেচনা করেই যোগ্যতা শিথিল করা হয়েছে। এদিকে যোগ্যতা শিথিল করার সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। ইতিহাস বিভাগের শিক্ষক মো. গোলাম রব্বানী বলেন, পোষ্যদের ভর্তির জন্য কর্মচারীদের আন্দোলনের মুখে যোগ্যতা শিথিল করল প্রশাসন। এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান কমে যাবে। জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাজেশ চন্দ্র ধর বলেন, ‘আমরা দেখেছি, প্রায় প্রতিবারই পোষ্যদের ভর্তির জন্য কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন করে। আর আন্দোলনের মুখে প্রশাসন তাদের দাবি মেনে নেয়। এ বছরও তাই করা হয়েছে।’