চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকে ভর্তি-কার্যক্রম গতকাল মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হয়েছে। আগামী ৪ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। ৫ অক্টোবর পর্যন্ত সোনালী, জনতা, রূপালী ও অগ্রণী ব্যাংকের যেকোনো শাখায় আবেদন ফি জমা দিতে পারবেন। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরী। এবার বিশ্ববিদ্যালয়ে ৪৯২৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
উপাচার্য বলেন, ‘ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবে এবং আর্থিক সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় এনে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি-কার্যক্রম অনলাইনে সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০১৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বিবেচনা করে এবার ভর্তির আবেদনের যোগ্যতা কিছুটা শিথিল করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের সাত বছরের অভিজ্ঞতা রয়েছে অনলাইনে ভর্তি-কার্যক্রম সম্পন্ন করার। অনলাইনে ভর্তি-কার্যক্রম সম্পন্ন করতে আমাদের প্রযুক্তিগত সহায়তা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়।,
উপাচার্য আরও বলেন, এবার কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ১৫৫৪টি, বিজ্ঞান অনুষদের ৫টি বিভাগ ও ২টি ইনস্টিটিউটে ৭৫৬টি, ব্যবসায় প্রশাসন অনুষদের ৬টি বিভাগে ৭৫২টি, সমাজবিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে ৯৬১টি, আইন অনুষদে ১৩৭টি, জীববিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে ৫৭৭টি, ইঞ্জিনিয়ারিং অনুষদের ২টি বিভাগে ১৪১টি, শিক্ষা অনুষদে ৪৬টি আসন থাকছে।
উপাচার্য বলেন, আগে ১০টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হলেও এবার পরীক্ষা নেওয়া হবে চারটি ইউনিটে। ‘সি’ ইউনিট ২৬ অক্টোবর, ‘ডি’ ইউনিট ২৭ অক্টোবর, ‘বি’ ইউনিট ২৮ অক্টোবর ও ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ২৯ অক্টোবর সকাল দশটায় অনুষ্ঠিত হবে। ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটে (admission.eis.cu.ac.bd) পাওয়া যাবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকে ভর্তির কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য ও ফটোগ্রাফি শাখার ডেপুটি রেজিস্ট্রার ফরহাদ হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরিণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হুদা প্রমুখ।