ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরম এখন থেকে অনলাইনে পাওয়া যাবে। দেশের প্রতিটি উপজেলা সদর এবং শহর এলাকার ডাকঘরে টাকা জমা দিয়ে শিক্ষার্থীরা ভর্তি ফরম পূরণ করতে পারবেন। গত রোববার এ ব্যাপারে ঢাকায় বাংলাদেশ ডাক বিভাগ এবং এ বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। একই সঙ্গে এখানে সম্প্রতি মানবসম্পদ ব্যবস্থাপনাসহ আরও চারটি নতুন বিভাগ খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ে আরও নতুন সাতটি বিভাগ খোলার অনুমতি চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন করা হলে তারা নতুন চারটি বিভাগ খোলার অনুমোদন দেয়। বিভাগগুলো হলো—সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন লোকপ্রশাসন ও সরকার, কলা অনুষদের অধীন নাট্যকলা বিভাগ, বিজ্ঞান অনুষদের অধীন ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ, বাণিজ্য ও ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ।বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক আইনুল ইসলাম দাবি করে, বাংলাদেশে এই প্রথম বাণিজ্য ও ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ‘মানবসম্পদ ব্যবস্থাপনা’ নামে সম্পূর্ণ নতুন একটি বিভাগ এখানে খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার আইনুল ইসলাম ও বাংলাদেশ ডাক বিভাগের পক্ষে পরিচালক (মেইল) মো. শফিকুল আলম চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তি হওয়ায় এখন থেকে উপজেলা সদরের ডাকঘরগুলো এবং শহরের ডাকঘরগুলোতে ফরমের মূল্য ৩০০/- ও ৩৫০/- টাকা জমা দিয়ে শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। শিক্ষার্থীরা আগামী ১ অক্টোবর থেকে টাকা জমা দিয়ে ফরম পূরণ করতে পারবেন। এ জন্য ডাকমাশুল দিতে হবে ২৭ টাকা। ভর্তিসংক্রান্ত তথ্য ও নির্দেশিকা www.jkkniu.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।