যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফরম পূরণ গতকাল শুক্রবার থেকে শুরু হয়েছে। আগামী ১২ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, চার বছর মেয়াদি বিএসসি অনার্স (সম্মান) কোর্সের ১০টি বিভাগকে দুটি ইউনিটে ভাগ করা হয়েছে। প্রকৌশল বিভাগের জন্য ‘এ’ ও বিজ্ঞান বিভাগের জন্য ‘বি’ ইউনিট নির্ধারণ করা হয়েছে। আগামী ১২ নভেম্বর এ দুই ইউনিটেরই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর অনলাইনে ভর্তির আবেদন করতে হবে। আবেদনের জন্য www.jstu.edu.bd ওয়েবসাইটে ঢুকে ফরম পূরণ করতে হবে। এরপর টেলিটকের যেকোনো নম্বর থেকে খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে ৫৫০ টাকা জমা দিতে হবে।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, অনলাইন ও মুঠোফোনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদনপদ্ধতি চালু করতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া হয়েছে। এ পদ্ধতি শিক্ষার্থীদের সময় ও অর্থের সাশ্রয় করবে।