ভর্তি ফরমে বিশ্ববিদ্যালয়ের নামের বানানই ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি ফরমে বিশ্ববিদ্যালয়ের নামের বানানে তিনটি ভুল ছিল। পরে কর্তৃপক্ষ নতুন করে ভর্তি ফরম ছাপায়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে গত সোমবার থেকে ভর্তির ফরম ও অঙ্গীকারপত্র বিতরণ করা হয়। ফরম দুটি পূরণ করতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের বানান ভুলের বিষয়টি নজরে পড়ে। দুটি ফরমে দেখা যায়, ইংরেজিতে বড় অক্ষরে ‘পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি’ লেখা রয়েছে। সেখানে বিশ্ববিদ্যালয়ের নামের বানানে ‘ইউনিভার্সিটি’, ‘সায়েন্স’ ও ‘টেকনোলজি’ বানান ভুল হয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফরমে এ ধরনের ভুল দুঃখজনক। নাম প্রকাশ না করার শর্তে নবীন এক শিক্ষার্থী বলেন, ‘ফরম দেখে অবাক হয়েছি। পরে বারবার দেখে বুঝলাম আসলেই ভুল হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের পাঁচজন শিক্ষক বলেন, ফরম তৈরির কাজে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্বে অবহেলা ও উদাসীনতার কারণেই এ ধরনের ভুল হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করেছে।
প্রক্টর আওয়াল কবির বলেন, বিষয়টির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লজ্জিত। কর্মকর্তাদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।