বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
ভর্তি ফি কমানোর দাবিতে অনশন আজ মানববন্ধন

ভর্তি ফি কমানোর দাবিতে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের (দ্বিতীয় বর্ষের) পাঁচ শতাধিক শিক্ষার্থী ক্লাস বর্জন করে অবস্থানসহ প্রতীকী অনশন পালন করেছেন।
গতকাল রোববার ক্লাস বর্জনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসের জয়বাংলা চত্বরে দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এ কর্মসূচি পালন করেন।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, কর্মসূচি চলার একপর্যায়ে বেলা একটার দিকে বিদ্যালয়ের প্রক্টর নুরুন নবী, অতিরিক্ত প্রক্টর বিতান খানমসহ আরও পাঁচ শিক্ষক জয়বাংলা চত্বরে উপস্থিত আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাঁদের কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। তাঁরা বলেন, দুই সেমিস্টারের ফি একসঙ্গে না দিয়ে দুই ধাপে দেওয়া যাবে। কিন্তু শিক্ষার্থীরা এ প্রস্তাব নাকচ করে দিয়ে ভর্তি ফি কমানোর দাবি অব্যাহত রাখেন।
শিক্ষার্থী সূত্র জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষের ভর্তি ফি ৮ হাজার ১০০ টাকা ধার্য করা হয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এ ফি প্রায় দ্বিগুণ। এ শিক্ষাবর্ষে ১ হাজার ৪০০ শিক্ষার্থী রয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রদের কয়েক দফা বৈঠক হয়েছে। কিন্তু তাঁরা ফি না কমিয়ে উল্টো তাঁদের বহিষ্কারের হুমকি দিচ্ছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, আজ সোমবার বেলা একটার দিকে গোপালগঞ্জ শহরের প্রেসক্লাবের সামনে তাঁরা তাঁদের দাবির
সমর্থনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহম্মদ নূরউদ্দিন আহম্মেদ বলেন, ‘শিক্ষার্থীরা ঘোষণা দিয়েছিল, রোববার তারা অনশন কর্মসূচি পালন করবে। কিন্তু এ-জাতীয় কোনো কর্মসূচি পালিত হয়নি। তবে বেলা একটার দিকে কিছু ছেলে জড়ো হয়ে কয়েকটা স্লোগান দিয়েছিল মাত্র।’ বিশ্ববিদ্যালয়ে গতকাল ঠিকমতো ক্লাস হয়েছে দাবি করে রেজিস্ট্রার বলেন, ‘ওই ক্লাসে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অংশ নেয়নি এ-জাতীয় কোনো তথ্য আমার জানা নেই।’ তিনি বলেন, যে টিউশন ফি দিয়ে শিক্ষার্থী ভর্তি হয়েছে, সে টিউশন ফি কমানোর দাবি সংগত নয়।