ভর্তি ফি নির্ধারণে নীতিমালা কেন নয় জানতে চেয়ে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি মেডিকেল কলেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও টিউশন ফি নির্ধারণে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানির পর গতকাল রোববার এ রুল জারি করেন। মন্ত্রিপরিষদের সচিব, শিক্ষা ও স্বাস্থ্যসচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ বিবাদীদের তিন সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।প্রথম আলোয় গত ২২ ডিসেম্বর ‘বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি: ৬৫০ কোটি টাকার বাণিজ্য’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি যুক্ত করে ল ইয়ার্স সোসাইটি ফর লর পক্ষে সংগঠনের চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী এ কে এম ফয়েজ গতকাল রিটটি করেন। রিটের পক্ষে তিনিই শুনানি করেন। সঙ্গে ছিলেন আইনজীবী মেজবাহুল ইসলাম ও শাহানা পারভীন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।রিট আবেদনের বিষয়বস্তু থেকে জানা যায়, সরকারি মেডিকেল কলেজে জনপ্রতি ভর্তি ফি ১০ হাজার টাকা নেওয়া হয়। অধিকাংশ বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি ও টিউশন ফি বাবদ ১৩ থেকে ১৫ লাখ টাকা আদায় করা হচ্ছে, যা সরকারি মেডিকেলের তুলনায় ১২৫ গুণ বেশি। ২০১২-১৩ শিক্ষাবর্ষে সরকারের পক্ষ থেকে ভর্তিসংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা থাকলেও ভর্তি ও টিউশন ফি নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যা শিক্ষানীতি ২০১০-এর ৮ অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন।