ভর্তি ফি নির্ধারণের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রথম বর্ষে ভর্তিসহ মোট ফি ১৯ লাখ ৯০ হাজার টাকা নির্ধারণ করে দিয়েছিল সরকার। সেই প্রজ্ঞাপন কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল মঙ্গলবার এ রুল দেন।

স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও কলেজের পরিচালনা পর্ষদকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের শিক্ষার্থী (প্রথম বর্ষ) ইশরার বিনতে ইউনুছের বাবা সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ ২৭ আগস্ট রিট আবেদনটি করেন। আদালতে রিটের পক্ষে ইউনুছ আলী আকন্দ শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল প্রতিকার চাকমা।

পরে আইনজীবী ইউনুছ আলী আকন্দ প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ২০১৪ সালের ২৬ অক্টোবর প্রজ্ঞাপন জারি করে। অথচ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনের ৫(৫) ধারা অনুসারে মেডিকেল ও ডেন্টাল চিকিৎসা-শিক্ষার স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে ভর্তির নীতিমালা ও শর্তাদি নির্ধারণ করবে কাউন্সিল।