ভর্তি ফি বৃদ্ধির প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ পাওয়া গেছে। এ বর্ধিত ফি বাতিলের দাবিতে গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতা-কর্মীরা।
সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগে খোঁজ নিয়ে এবং ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৬-১৭ শিক্ষাবর্ষে বিভিন্ন খাতে ভর্তি ফি বৃদ্ধি করেছে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটি। আবার কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির নির্দেশনা উপেক্ষা করে অতিরিক্ত ফি আদায় করছে বিভিন্ন বিভাগ ও অনুষদ। ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম চলাকালে বিভিন্ন বিভাগের বিরুদ্ধে বিভাগীয় ভর্তি ফরম বাবদ অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠলে বিভাগীয় সভাপতি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বৈঠক করে তা বৈধ করে নেয়। বৈঠকে ২০১৫-১৬ শিক্ষাবর্ষসহ পরবর্তী দুই শিক্ষাবর্ষের জন্য বিভাগীয় ভর্তি ফরম বাবদ একই ফি নির্ধারণ করা হয়। কিন্তু সেটি উপেক্ষা করে কয়েকটি বিভাগ ও ইউনিট এ বছর অতিরিক্ত টাকা নিচ্ছে। ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদভুক্ত সব বিভাগ ভর্তি ফরম বাবদ ২ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ২ হাজার ৫০০ টাকা নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন শামসুল আলম বলেন, ‘আমার অনুষদের কোনো বিভাগ থেকে এর অতিরিক্ত টাকা নেওয়া হলে তা ফেরত দেওয়া হবে।’
আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আইন ও মুসলিম বিধান বিভাগ ৩০০ টাকা বেশি নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিভাগটি কর্তৃপক্ষ নির্দেশিত ১ হাজার ২০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা নিচ্ছে।
আইন বিভাগের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, প্রথমে ১ হাজার ৫০০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত থাকলেও পরে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ১ হাজার ২০০ টাকা করেই ফি রাখা হচ্ছে।
১৫ ডিসেম্বর সব ডিন ও সভাপতির সমন্বয়ে এক বৈঠক হয়। বৈঠকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তির ক্ষেত্রে অনুষদের ডিনের স্বাক্ষর বাবদ ২৫০ টাকা ফি আদায়ের সিদ্ধান্ত হয়। এ ছাড়া আবাসিক হলে ফি বাবদ প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা নেওয়া হচ্ছে। সব মিলিয়ে একজন শিক্ষার্থীকে অতিরিক্ত ১ হাজার টাকা গুনতে হচ্ছে।
ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ বলেন, শুধু ডিন অফিসে ২৫০ টাকা অতিরিক্ত দিতে হচ্ছে।