ভর্তি-বাণিজ্যের অভিযোগে অধ্যক্ষের কার্যালয় ও বাসায় হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়া সরকারি আযিযুল হক কলেজে ভর্তি-বাণিজ্যের অভিযোগ এনে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ছাত্রলীগের নেতা-কর্মীরা অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কার্যালয়, বাসা ও প্রশাসনিক ভবনে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাঁরা অধ্যক্ষসহ কলেজ প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কলেজ সূত্রে জানা গেছে, চলতি ২০০৯-১০ শিক্ষাবর্ষে ২৩টি বিভাগে সম্মান প্রথম বর্ষে চার হাজার ৩২৫ জনকে মেধাভিত্তিক ভর্তির তালিকা করা হয়। সে অনুযায়ী গত ২৫ জানুয়ারি থেকে ভর্তি শুরু হয়। ভর্তির শেষ সময় নির্ধারণ করা হয় ১৫ মার্চ। গতকাল অধ্যক্ষ সালামত উল্লাহর কাছে ছাত্রলীগের নেতারা তাদের পছন্দের শিক্ষার্থী ভর্তির দাবি জানান। তিনি তাতে রাজি না হওয়ায় তাঁরা সন্ধ্যা ছয়টার দিকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কার্যালয়, অধ্যক্ষের বাসভবন ও প্রশাসনিক ভবনে ব্যাপক ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কামরুল হুদা অভিযোগ করেন, অধ্যক্ষ মেধার ভিত্তিতে ভর্তি না করে গোপনে অতিরিক্ত ১১৭ জনকে গত সোমবার ভর্তি করেন। ভর্তির সময় ফরম পূরণসহ সেশন ফির অতিরিক্ত টাকাও গ্রহণ করেছেন অধ্যক্ষ। কামরুল হুদা বলেন, অবৈধ এসব ভর্তি বাতিলসহ অতিরিক্ত ফি আদায় বন্ধ করে শূন্য আসনে মেধার ভিত্তিতে ভর্তি না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। ভাঙচুরের সঙ্গে ছাত্রলীগের নেতা-কর্মী জড়িত নন বলে দাবি করে তিনি বলেন, যেসব মেধাবী ছাত্র ভর্তি হতে পারেনি তারাই ক্ষুব্ধ ও চড়াও হয়েছে।অপরদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রনেতা জানান, গত সোমবার বিকেল থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত ছাত্রলীগের একটি অংশ অধ্যক্ষের সহযোগিতায় অবৈধভাবে তাদের পছন্দের ছাত্রছাত্রী ভর্তি করায়। এসব ভর্তির পাশাপাশি কিছু শিক্ষকও অবৈধ সুযোগ নিয়ে তাঁদের পছন্দের ছাত্রছাত্রী গোপনে ভর্তি করান। বিষয়টি ছাত্রলীগের অপর অংশ মেনে নিতে পারেনি। তারাও তাদের পছন্দের ছাত্রছাত্রী ভর্তির দাবি জানালে অধ্যক্ষ তাতে রাজি হননি। কলেজের অধ্যক্ষ অধ্যাপক সালামত উল্লাহ জানান, ছাত্রলীগের নেতাদের অবৈধ ভর্তির দাবি মেনে না নেওয়ায় তারা ভাঙচুর করে। তাঁর দাবি, ভর্তি কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবেই হয়েছে।