ভর্তি-বাণিজ্যের প্রমাণ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে নাট্যকলা ও সংগীত বিভাগের নাট্যকলা শাখায় ভর্তি-বাণিজ্যের অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে। গত রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। উপাচার্য এম আবদুস সোবহানের সভাপতিত্বে উপাচার্য লাউঞ্জে ওই সভা অনুষ্ঠিত হয়।বিভিন্ন সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে নাট্য-কলা ও সংগীত বিভাগে ৬০ নম্বরের মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ৩০ নম্বর লিখিত (তত্ত্বীয়) ও ৩০ নম্বর ব্যবহারিক। ২৪ অক্টোবর প্রথম বর্ষ সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা (তত্ত্বীয়) অনুষ্ঠিত হয়। পরদিন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সাংস্কৃতিক সংগঠন নাট্যমের বিরুদ্ধে নাট্যকলা শাখায় ভর্তি-বাণিজ্যের অভিযোগ পায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ওই দিনই ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে বিভাগের শিক্ষার্থী ও নাট্যমের কর্মী বাঁধন, অমিয় ও সনোদ কুমারসহ পাঁচজনকে আটক করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন নাট্যকলা শাখার ব্যবহারিক ভর্তি পরীক্ষা স্থগিত ও ঘটনার তদন্তে ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (আইবিএস) পরিচালক মাহবুবর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি গঠন করে।সিন্ডিকেট সভা সূত্রে জানা গেছে, তদন্ত প্রতিবেদনে ঘটনার সঙ্গে বিভাগীয় শিক্ষকদের সংশ্লিষ্টতা থাকায় বিভাগের বাইরের দুজন শিক্ষককে সম্পৃক্ত করে নতুন করে ভর্তি পরীক্ষা (ব্যবহারিক) গ্রহণের সুপারিশ করা হয়েছে। সিন্ডিকেট তদন্ত কমিটির এ সুপারিশ গ্রহণ এবং ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) পরিচালক অধ্যাপক মোখলেসুর রহমান ও গণিত বিভাগের অব-সরপ্রাপ্ত শিক্ষক শিশির ভট্টাচার্যকে পরীক্ষা গ্রহণের দায়িত্ব দিয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ডিকেট একটি রিভিউ কমিটি গঠন করেছে। যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক শামসুদ্দিন ইলিয়াস বিষয়গুলো নিশ্চিত করেন।নাট্যকলা ও সংগীত বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন এম শহীদুল্লাহ মুঠোফোনে জানান, গতকাল সোমবার বিভাগের সভায় ৪ ও ৫ ডিসেম্বর পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।