ভর্তি বাতিল ও বহিষ্কার নিয়ে নানা প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীর ভর্তি বাতিল ও ভাঙচুরের ঘটনায় জড়িত অভিযোগে আরও চার ছাত্রীকে বহিষ্কার এবং ছাত্রত্ব না থাকা সত্ত্বেও একজনকে বহিষ্কার করা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মবহির্ভূতভাবে তাঁদের ভর্তি বাতিল করা হয়েছে। আর বহিষ্কৃতরা বলছেন, মিথ্যা অভিযোগে তাঁদের বহিষ্কার করা হয়েছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সংবিধি অনুযায়ী কোনো টার্মে শিক্ষার্থীর জিপিএ-২ দশমিক ৫০-এর নিচে নেমে গেলে পরবর্তী দুই টার্মে তাঁদের পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। এরপর তিন টার্মের গড় জিপিএ-২ দশমিক ৫০-এর নিচে নেমে গেলে তাঁর ভর্তি বাতিল হয়ে যায়। গত ৬ মে এমন পাঁচ শিক্ষার্থীর ভর্তি বাতিল করার প্রতিবাদে ক্লাস বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ৯ মে ক্যাম্পাসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও এক কর্মচারীকে মারধরের ঘটনা ঘটলে রাতে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ করে দেয়। ১১ মে আট শিক্ষার্থীর নাম উল্লেখ করে অর্ধশতাধিক শিক্ষার্থীর নামে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরপর ওই আটজনসহ ২৩ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতদের মধ্যে চারজন ছাত্রীর দাবি, ভাঙচুর ও মারধরের ঘটনায় তাঁরা জড়িত ছিলেন না। এ ছাড়া বহিষ্কৃতদের তালিকায় শৌতম কুমার শীল নামে প্রাক্তন এক ছাত্র আছেন। তিনি স্নাতক পাস করে গত ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক সনদ তুলেছেন।এদিকে ভর্তি বাতিল হওয়া শিক্ষার্থীদের মধ্যে তৃতীয় বর্ষের দুজন ছাত্রী আছেন। তাঁদের একজনের শুধু প্রথম বর্ষ প্রথম টার্মে ও দ্বিতীয় বর্ষ তৃতীয় টার্মে জিপিএ-২ দশমিক ৫০-এর নিচে নম্বর ছিল। ভর্তি বাতিল হলে তো অনেক আগেই তা হওয়ার কথা ছিল। কিন্তু তৃতীয় বর্ষের মিড টার্ম পরীক্ষার পর তাঁরা তাঁদের ভর্তি বাতিলের খবর জানতে পারেন। উপাচার্য আবদুল মান্নান আকন্দ জানান, শিক্ষার্থীদের এসব কথাবার্তা ভিত্তিহীন। গুটিকয়েক শিক্ষার্থী ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ নষ্ট করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, ছাত্রীরা সরাসরি ভাঙচুর না করলেও পরোক্ষভাবে পুরো ঘটনার নেতৃত্ব দিয়েছে। ছাত্রত্ব না থাকা সত্ত্বেও বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, পাস করার পরও সে বিশ্ববিদ্যালয়ের ছাত্রই থাকবে।