ভর্তি বাতিলের টাকা এখনো ফেরত দেয়নি কলেজগুলো
এ বছর উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তির জন্য পছন্দের কলেজে যেতে শিক্ষার্থীদের একাধিক কলেজের ভর্তি বাতিল করতে হয়েছে। কিন্তু ভর্তি বাতিল করা কলেজ থেকে শিক্ষার্থীদের কোনো টাকা ফেরত দেওয়া হয়নি।
রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, বাতিল করা ভর্তির টাকা ফেরত দিতে বোর্ড থেকে কলেজগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এই নির্দেশনা গত বছরেরই। প্রয়োজনে আবারও নির্দেশনা দেওয়া হবে। শিক্ষার্থীদের ভর্তি বাতিলের টাকা অবশ্যই ফেরত দিতে হবে বলে মন্তব্য করেন তিনি। তবে কলেজ কর্তৃপক্ষ বলছে, ভর্তি বাতিলের টাকা ফেরত দেওয়ার বিষয়ে তারা বোর্ড থেকে কোনো নির্দেশনা পায়নি। নির্দেশনা পেলে টাকা ফেরত দেবে। অন্যথায় কলেজের উন্নয়নমূলক কাজে ব্যয় করার চিন্তা রয়েছে।
রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের অধ্যক্ষ জার্জিস কাদির বলেন, শিক্ষা বোর্ড থেকে তাঁরা কোনো চিঠি পাননি। শিক্ষা মন্ত্রণালয়ও এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি। এ জন্য তাঁরা বাতিল করা টাকা সেভাবে রেখে দিয়েছেন।
রাজশাহী সিটি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, এখনো সরকার থেকে তাঁদের কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তাঁরা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন। এর আগে তাঁরা চেকের মাধ্যমে টাকা ফেরত দিয়েছেন। এবারও সিদ্ধান্ত এলে তাঁরা ফেরত দেবেন। আর কোনো সিদ্ধান্ত না পেলে তাঁরা কলেজের যেকোনো উন্নয়নমূলক কাজে এই টাকা ব্যয় করবেন বলে ভাবছেন।
রাজশাহী নগরের চারটি সরকারি কলেজের মধ্যে মহিলা কলেজ, সিটি কলেজ ও নিউ ডিগ্রি কলেজের প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া অনেক শিক্ষার্থী এবার তাদের ভর্তি বাতিল করে নিউ ডিগ্রি কলেজ থেকে রাজশাহী কলেজ, সিটি কলেজ থেকে নিউ ডিগ্রি কলেজ আবার মহিলা কলেজ থেকে সিটি কলেজে ভর্তি হয়েছে। আবার এমনও শিক্ষার্থী রয়েছে, যারা তিনবার ভর্তি বাতিল করে পছন্দের কলেজে ভর্তি হয়েছে। কলেজগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, একেকটি কলেজে ভর্তি বাতিল করা বাবদ পাঁচ থেকে সাত লাখ টাকা জমা হয়েছে। এই টাকা এখন তারা কলেজের উন্নয়নকাজে ব্যবহার করবে। অথবা শিক্ষকেরা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেবেন। অতীতে অনেক কলেজে শিক্ষকদের মধ্যে এভাবে টাকা ভাগ-বাঁটোয়ারা করে নেওয়ার রেকর্ড আছে।