ভর্তি রোগীর তথ্যে গরমিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশে করোনার জন্য নির্ধারিত হাসপাতালে সাধারণ শয্যা ও নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি থাকা রোগীর সরকারি তথ্যে গরমিল রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর ৬৪ জেলার হাসপাতালে ভর্তি রোগীর যে তথ্য দিচ্ছে, বাস্তবে এর চারভাগের এক ভাগ জেলাতেই তার চেয়ে বেশি রোগী হাসপাতালে সেবা নিচ্ছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুম সারা দেশে করোনার জন্য নির্ধারিত শয্যা ও আইসিইউতে ভর্তি রোগীর তথ্য নিয়মিত হালনাগাদ করে। তাদের তথ্য অনুযায়ী, গতকাল রোববার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী বাদে ৬৪ জেলায় ৭০ শতাংশ আইসিইউ শয্যা ফাঁকা ছিল। কিন্তু সংক্রমণ বেশি থাকা ১৬ জেলার মাঠের তথ্য বলছে, সাড়ে ৬৭ শতাংশ আইসিইউতেই করোনা রোগী ভর্তি রয়েছে।

অন্যদিকে সরকারি হিসাবে, সারা দেশে সাধারণ শয্যার ৯১ শতাংশের বেশি শয্যা ফাঁকা ছিল। কিন্তু মাত্র ১৬ জেলায় শয্যা ফাঁকা ছিল ৭৪ শতাংশ।

প্রতিটি জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে হাসপাতালে ভর্তি রোগী, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি, ছাড়প্রাপ্ত রোগীসহ বেশ কিছু তথ্য দৈনিক ভিত্তিতে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পাঠানো হয়। বিভাগীয় পরিচালকের কার্যালয় ওই বিভাগের সব জেলার তথ্য একত্র করে স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুমে পাঠায়।  

ভর্তি রোগীর তথ্যে গরমিলের বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক মোহাম্মদ কামরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে হাসপাতালের শয্যা ও ভর্তি রোগীর হিসাব করা হয়। সরাসরি কোনো জেলা থেকে কন্ট্রোল রুমে তথ্য আসে না। বিভাগীয় কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এ হিসাব দেওয়া হয়। কোনো গরমিল থাকলে সে বিষয়ে খোঁজ নেওয়া হবে।

গতকাল দেশের আটটি বিভাগ থেকে দুটি করে মোট ১৬টি জেলার সাধারণ শয্যা ও আইসিইউতে ভর্তি রোগীর তথ্য সংগ্রহ করে প্রথম আলো। এ দুটি জেলায় বিভাগের মধ্যে করোনা সংক্রমণ বেশি। ঢাকা, চট্টগ্রাম ও নারায়ণগঞ্জ জেলাকে এখানে যুক্ত করা হয়নি।

যেসব জেলার তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়েছে সেগুলো হলো গাজীপুর, ফরিদপুর, কুমিল্লা, কক্সবাজার, রংপুর, দিনাজপুর, খুলনা, যশোর, সিলেট, সুনামগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, রাজশাহী, বগুড়া, ময়মনসিংহ ও জামালপুর।

স্বাস্থ্য অধিদপ্তরের মনোযোগ ও আন্তরিকতার ঘাটতি রয়েছে, তারা যেনতেনভাবে একটা তথ্য দিয়ে দিচ্ছে। জেলার তথ্য সংগ্রহ ও সেটি হালনাগাদ সঠিকভাবে হচ্ছে না। এর ফলে মহামারির মূল চিত্র উঠে আসে না।
আবু জামিল ফয়সাল, জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এ ১৬ জেলায় করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা রয়েছে ২ হাজার ৩৮০টি। এর মধ্যে গতকাল রোগী ভর্তি ছিলেন ৬০০ শয্যায়। ফাঁকা ছিল ১ হাজার ৭৮০টি।
এ জেলাগুলোতে করোনা রোগীদের জন্য আইসিইউ শয্যা রয়েছে ১৪৫টি। এসব আইসিইউর ৯৮টিতেই গতকাল রোগী ভর্তি ছিল। ফাঁকা ছিল ৪৭টি আইসিইউ।

জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজে করোনা রোগীদের জন্য ১০০ শয্যা রয়েছে। করোনা রোগীদের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের ১০০টি শয্যা নির্ধারিত। জামালপুর ও সুনামগঞ্জ—এ দুই জেলার হাসপাতালে গতকাল কোনো করোনা রোগী ভর্তি ছিলেন না। সব কটি শয্যা ফাঁকা ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, করোনার বেশির ভাগ রোগী বাসায় থাকতে পছন্দ করেন। অনেক অনুরোধের পরও তাঁরা করোনা ইউনিটে আসতে চান না।

জেলার তথ্যের সঙ্গে গরমিল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সাধারণ শয্যা ছিল ৬ হাজার ৪৮৯টি। এর মধ্যে রোগী ভর্তি ছিলেন ৫৬২ জন। সারা দেশে করোনার জন্য নির্ধারিত আইসিইউ রয়েছে ২৩৭টি। এর মধ্যে ৭১টিতে রোগী ভর্তি ছিলেন।

সরকারি হিসাব বলছে, ময়মনসিংহ বিভাগের চারটি জেলায় গতকাল হাসপাতালের সাধারণ শয্যায় ৩৯ জন করোনা রোগী ছিলেন। আইসিইউতে কোনো রোগী ভর্তি ছিলেন না। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়মনসিংহ জেলা ও আশপাশের জেলার রোগীদের চিকিৎসা দেওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, করোনা রোগীদের জন্য নির্ধারিত সাধারণ শয্যা ২০০টি। গতকাল ১২৮ জন রোগী ভর্তি ছিলেন। করোনা রোগীদের জন্য নির্ধারিত ১০টি আইসিইউর ৫টিতেই করোনা রোগী ভর্তি ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অ্যান্ড কন্ট্রোল রুম সারা দেশে করোনার জন্য নির্ধারিত শয্যা ও আইসিইউতে ভর্তি রোগীর তথ্য নিয়মিত হালনাগাদ করে। তাদের তথ্য অনুযায়ী, গতকাল রোববার ঢাকা ও চট্টগ্রাম মহানগরী বাদে ৬৪ জেলায় ৭০ শতাংশ আইসিইউ শয্যা ফাঁকা ছিল। কিন্তু সংক্রমণ বেশি থাকা ১৬ জেলার মাঠের তথ্য বলছে, সাড়ে ৬৭ শতাংশ আইসিইউতেই করোনা রোগী ভর্তি রয়েছে।

সরকারি হিসাবে, রাজশাহী বিভাগের আট জেলায় করোনার জন্য নির্ধারিত সাধারণ শয্যায় গতকাল রোগী ছিলেন ৬৬ জন। আইসিইউতে ভর্তি ছিলেন ৫ জন। কিন্তু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ দুই জেলার সাধারণ শয্যায় ১৩৯ জন রোগী ভর্তি ছিলেন। আর আইসিইউতে ১৩ জন রোগী ভর্তি ছিলেন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, জেলায় বিপুলসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তুলনামূলক কম। হাসপাতালে ভর্তি রোগীর তথ্য প্রতিদিন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। এরপরের বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ের জানা নেই।

রাজশাহীর বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের উপপরিচালক হাবিবুল আহসান তালুকদার প্রথম আলোকে বলেন, জেলা থেকে পাঠানো তথ্য একত্র করে অধিদপ্তরে পাঠিয়ে দেওয়া হয়। এখানে বিভাগীয় কার্যালয়ের নিজস্ব কোনো তথ্য থাকে না। তাই জেলা পর্যায় থেকে তথ্যে কোনো ঘাটতি থাকলে, সেটি তাঁদের জানা নেই।

রোগীরা হাসপাতালে আসতে চান না

ফরিদপুর জেলায় করোনা রোগীদের জন্য নির্ধারিত শয্যা ২৫০টি। গতকাল ভর্তি ছিলেন ২৪ জন। ফাঁকা শয্যা ছিল ২২৬টি। এ বিষয়ে ফরিদপুরের সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান প্রথম আলোকে বলেন, উপসর্গ নেই এমন করোনা রোগী হাসপাতালে আসেন না। আবার কোনো এক সময়ে হয়তো রোগী বা রোগীর পরিচিত কেউ হাসপাতালে চিকিৎসাসেবা নিতে এসে বিরূপ পরিস্থিতি ও অনাকাঙ্ক্ষিত ব্যবহারের সম্মুখীন হয়েছেন। তাঁদের এ অভিজ্ঞতার কারণে চিকিৎসাসেবা ঠিকমতো পাবেন না, এ শঙ্কায় হাসপাতালে আসেন না।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৯০টি সাধারণ ও ১০টি আইসিইউ শয্যা নির্ধারিত। গতকাল সাধারণ শয্যায় ২৬ জন ও আইসিইউতে ৭ জন রোগী ভর্তি ছিলেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ইনচার্জ ফরিদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, প্রথম দিকে তীব্র এবং কম উপসর্গ আছে এমন সব রোগীই হাসপাতালে চিকিৎসা নিতেন। এখন রোগীরা নিজেদের অভিজ্ঞতা থেকে হোক আর যেভাবেই হোক উপসর্গ তীব্র না হলে হাসপাতালে আসছেন না। এখন যাঁরা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাঁরা তীব্র উপসর্গ নিয়ে আসছেন। তাঁদের বেশির ভাগেরই আইসিইউ লাগছে।

জেলায় বিপুলসংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হলেও হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা তুলনামূলক কম। হাসপাতালে ভর্তি রোগীর তথ্য প্রতিদিন বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়। এরপরের বিষয়টি সিভিল সার্জন কার্যালয়ের জানা নেই।
মোস্তাফিজুর রহমান, বগুড়ার ডেপুটি সিভিল সার্জন

করোনাবিষয়ক তথ্য নিয়ে শুরু থেকেই বিভ্রাট ছিল বলে মনে করেন জনস্বাস্থ্যবিদ ও স্বাস্থ্য অধিদপ্তরের পাবলিক হেলথ অ্যাডভাইজারি কমিটির সদস্য আবু জামিল ফয়সাল। তিনি প্রথম আলোকে বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের মনোযোগ ও আন্তরিকতার ঘাটতি রয়েছে, তারা যেনতেনভাবে একটা তথ্য দিয়ে দিচ্ছে। জেলার তথ্য সংগ্রহ ও সেটি হালনাগাদ সঠিকভাবে হচ্ছে না। এর ফলে মহামারির মূল চিত্র উঠে আসে না। তথ্যের এ ঘাটতি ও বিভ্রাট বিভিন্ন পর্যায়ের। মাঠপর্যায়ের তথ্য সংগ্রহে একটি সুনির্দিষ্ট দলকে দায়িত্ব দিতে হবে।

(প্রতিবেদনে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট জেলার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা)