ভর্তি সমস্যা নয়, সমস্যা মানসম্পন্ন প্রতিষ্ঠানে ভর্তি হওয়া: শিক্ষামন্ত্রী
এইচএসসি পরীক্ষার ফল প্রকাশের পর উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সংকট নিয়ে আশঙ্কা নাকচ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, ভর্তি কোনো সমস্যা নয়। সমস্যা মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া।গতকাল শনিবার ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত অফিস ও আর্থিক ব্যবস্থাপনাবিষয়ক এক প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। শিক্ষামন্ত্রী শিক্ষার মান প্রসঙ্গে বলেন, ‘শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনা সম্ভব হলেও শিক্ষার কাঙ্ক্ষিত মান বৃদ্ধি এখনো জাতির কাছে চ্যালেঞ্জ।...শিক্ষার কাঙ্ক্ষিত মানে পৌঁছানো রাতারাতি সম্ভব নয়। এটি একটি ধারাবাহিক অর্জনের পথ। সরকার প্রথম থেকেই সে চেষ্টা চালিয়ে যাচ্ছে।’মন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় নতুন প্রজন্ম লেখাপড়া করেই ভালো ফল করছে। ভর্তির সমস্যা নিয়ে এসএসসি ও এইচএসসির ফলের পর প্রচারমাধ্যমের খবরের উল্লেখ করে তিনি বলেন, ‘ভর্তি কোনো সমস্যা নয়। সমস্যা মানসম্পন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হওয়া। এবারও এসএসসি-উত্তীর্ণ ছাত্রছাত্রী ভর্তি হওয়ার পরও দুই লক্ষাধিক আসন খালি পড়ে আছে। অনেক কলেজ কাঙ্ক্ষিত সংখ্যক শিক্ষার্থী পায়নি।...ভালো কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হলে প্রতিযোগিতা তো করতেই হবে।’ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নোমান উর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস এম গোলাম ফারুক, মাউশির পরিচালক (প্রশিক্ষণ) তাসলিমা বেগম, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান প্রমুখ।