ভর্তি হলেই দ্বিচক্রযান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষার্থী ভর্তির অনুমতি নেই; নেই বেঞ্চ ও চেয়ার। শিক্ষক নিয়োগ হয়নি। পাঠদানের মতো উপযুক্ত কক্ষও নেই। আছে শুধু শিক্ষার্থী ভর্তিতে আকর্ষণীয় সব পুরস্কার। ভর্তি হলেই ছাত্রদের দেওয়া হচ্ছে নতুন একটি দ্বিচক্রযান (বাইসাইকেল)। আরও আছে বই-খাতা, কলমসহ আকর্ষণীয় সব উপহারের ঘোষণা।এভাবে নানা উপঢৌকন দিয়ে শিক্ষার্থী ভর্তি করা হচ্ছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিদ্যাধরপুর বাজারে সদ্য গড়ে তোলা প্রস্তাবিত শামছুল হুদা খান কলেজে। শামছুল হুদা খান ছিলেন ঝিনাইদহ-৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের আওয়ামী লীগের দলীয় সাংসদ শফিকুল আজম খানের বাবা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তথাকথিত কলেজটিতে গত ১১ জুন থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ১১০ জন শিক্ষার্থী ভর্তি করা হয়েছে। গত ২৬ জুন ২৫ জন ছাত্রকে একটি করে দ্বিচক্রযান দেওয়া হয়েছে। আরও ৩৫টি কর্তৃপক্ষের সংগ্রহে রয়েছে। সেগুলো বিতরণের তালিকা চূড়ান্ত হয়েছে। বাকি যারা ভর্তি হবে, তারাও পর্যায়ক্রমে দ্বিচক্রযান পাবে। সুন্দরপুর গ্রামের আল আমিন জানায়, সে ভর্তি হতে চেয়েছিল পাশের কোটচাঁদপুর কলেজে। কিন্তু সাইকেল দেওয়া হচ্ছে শুনে এখানে চলে এসেছে।৪ জুলাই বিদ্যাধরপুর বাজারে গিয়ে নতুন কয়েকটি সাইকেলে চড়ে কয়েকজনকে ঘুরে বেড়াতে দেখা যায়। জানতে চাইলে তারা বলে, তারা সবাই নতুন কলেজে ভর্তি হয়েছে। তাই সাইকেল পেয়েছে। এখনো কলেজে ক্লাস শুরু হয়নি বলে জানায় তারা।সাহাবাজপুর গ্রামের আল-আমিন ও কামরুল হাসান, সুন্দরপুর গ্রামের সুমন হোসেন, আল আমিন ও মিরাজ হোসেন এ বছর এসএসসি পাস করে ওই কলেজে ভর্তি হয়েছে। কলেজ থেকে দেওয়া নতুন সাইকেলে করে ঘুরতে বেড়িয়েছে। তারা জানায়, সাইকেলের গায়ে কলেজের নাম লিখে দেওয়া হয়েছে। আর সৌজন্য হিসেবে লেখা রয়েছে ‘এমপি চঞ্চলের’ (সাংসদ শফিকুল আজম খানের ডাকনাম) নাম।স্থানীয় জনগণের দাবি, ভৌগোলিক অবস্থান বিবেচনায় বিদ্যাধরপুরে একটি কলেজ হতে পারে। আশপাশে ছয় কিলোমিটারের মধ্যে আর কোনো কলেজ নেই। তাই তাঁরা কলেজটি স্থাপনের উদ্যোগ নিয়েছেন। তবে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, জেলার ছয়টি উপজেলার কোথাও নতুন করে কলেজ প্রতিষ্ঠার সুযোগ নেই। জনসংখ্যার অনুপাতে সব কটি উপজেলায় প্রয়োজনের বেশি কলেজ আছে। মহেশপুর উপজেলায় কলেজ আছে নয়টি।সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাজারের পাশে চাটাই দিয়ে ছোট ছোট ছয়টি কক্ষের লম্বা একটি ঘর তৈরি করা হয়েছে। কাদা-পানির মধ্যে উঁচু-নিচু জায়গায় নির্মিত ঘরটির মধ্যে কোনো চেয়ার বা বেঞ্চ নেই। লম্বা ঘরটির পূর্ব পাশে আরও দুটি ছোট ঘর করা হয়েছে শিক্ষকদের জন্য। কলেজে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ পাওয়া অধ্যক্ষ শাহ আলম জানান, তাঁরা শিক্ষার্থী ভর্তির অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন। অনুমতির আগেই শিক্ষার্থী ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, সাংসদের বাবার নামে কলেজ হচ্ছে। আশা করা যায়, অনুমোদন মিলবে। অধ্যক্ষ আরও জানান, শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে ১১০ জন ছেলেমেয়ে ভর্তি হয়েছে। উপঢৌকন দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরস্কৃত করেছি বলেই এতগুলো শিক্ষার্থী ভর্তি হয়েছে।’ সাংসদ শফিকুল আজম খানের বক্তব্য জানা যায়নি। গতকাল শুক্রবার বিকেলে তাঁর মুঠোফোনে একাধিকবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি।নাম প্রকাশে অনিচ্ছুক পার্শ্ববর্তী একটি কলেজের অধ্যক্ষ বলেন, ‘আগে আমরা পড়ালেখার মান দিয়ে শিক্ষার্থীদের আকৃষ্ট করার চেষ্টা করতাম। আর এখন সাইকেল দিয়ে শিক্ষার্থীদের কলেজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে, যা শিক্ষাব্যবস্থার জন্য খারাপ ফল বয়ে আনবে।’যশোর শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক মো. জুলফিকার আলী জানান, জনসংখ্যার আনুপাতিক হার বিবেচনায় কলেজগুলো প্রতিষ্ঠা হয়ে থাকে। সে ক্ষেত্রে তিনি যতদূর জানেন, মহেশপুরে নতুন করে কলেজ প্রতিষ্ঠা করার সুযোগ নেই। তিনি বলেন, ‘অনুমতি ছাড়া শিক্ষার্থী ভর্তি করা মোটেও ঠিক হয়নি। কারণ, অনুমোদন না পেলে তারা সমস্যায় পড়বে।’