ভর্তি হলেই মেলে সনদ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে বছর তিনেক আগে দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়ের একটি অবৈধ ক্যাস্পাস খোলা হয়। ভর্তি হলেই সে ক্যাম্পাস থেকে মিলবে বিভিন্ন বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি—এমন চটকদার প্রচারণায় আকৃষ্ট হন অনেকেই। পড়ালেখা না করে সনদ লাভের আশায় তাঁরা ভর্তি হন সেখানে।অনুসন্ধানে জানা গেছে, এখানে ৩০-৩৫ হাজার টাকায় এলএলবি পাস কোর্স, ৭০-৮০ হাজার টাকায় এলএলবি স্নাতক (সম্মান), ৩৫ হাজার টাকায় ইংরেজিতে স্নাতক (সম্মান), ১৫ হাজার টাকায় এমএড, ১২ হাজার টাকায় বিএড, ১৫ হাজার টাকায় ডিপ্লোমা ইন লাইব্রেরি সায়েন্সের সনদ মিলবে বলে কর্তৃপক্ষ প্রচারণা চালায়। আকর্ষণীয় প্রচারপত্র ও পোস্টার দেখে টাকার বিনিময়ে অতি সহজে পেশাগত ও উচ্চতর ডিগ্রির সনদ পাওয়ার আশায় ঝালকাঠিসহ বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা ওই প্রতিষ্ঠানে হুমড়ি খেয়ে পড়েন।অথচ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিবের (বিশ্ববিদ্যালয়) স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন অনুযায়ী, দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়ের কোথাও কোনো শাখা বৈধ নয়। ইউজিসি বিশ্ববিদ্যালয়টির ব্যাপারে মন্ত্রণালয়কে বিচার বিভাগীয় তদন্তের অনুরোধ জানিয়েছে। জানা গেছে, ২০০৮ সালে আবদুল মালেক নামে এক ব্যক্তি শহরের ৫৩ স্টেশন রোডে দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়ের ‘ঝালকাঠি ক্যাম্পাস’ খোলেন। ২০১০ সালে তিনি মারা গেলে এর দায়িত্ব নেন তাঁর ছেলে আবদুর রাজ্জাক (৩৫)। তিনি নিজেকে ঝালকাঠি ক্যাম্পাসের সমন্বয়কারী দাবি করলেও বিশ্ববিদ্যালয়টির উপাচার্য কে সেটাই তিনি জানেন না।স্টেশন রোডের ভাড়া করা দুটি কক্ষে কিছু চেয়ার-টেবিল থাকলেও সেখানে কোনো দিন ক্লাস হয়নি। মাধ্যমিক বিদ্যালয়ের কিছু বর্তমান ও অবসরপ্রাপ্ত শিক্ষক মাঝেমধ্যে বিকেলে গিয়ে আড্ডা দেন সেখানে। তাঁরা নিজেদের বিশ্ববিদ্যালয়টির খণ্ডকালীন শিক্ষক দাবি করেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, কোনো কোনো শুক্রবার এখানে বিএডের ক্লাস হয়। অন্য কোনো বিষয়ের ক্লাস হতে দেখেননি তিনি। পরীক্ষার সময় তাঁদের দুই হাজার টাকা সম্মানী দেওয়া হয়।গত শুক্রবার শহরের পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের দুটি কক্ষে বিভিন্ন বিষয়ে অনুষ্ঠিত পরীক্ষায় ১৮৫ জন শিক্ষার্থী অংশ নেন। ওই দিন সকালে ও বিকেলে দুই পর্বে অনুষ্ঠিত পরীক্ষার সময় কোনো সরকারি কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, পুলিশ বা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষককে দেখা যায়নি। বিকেলে পরীক্ষা চলাকালে দুটি কক্ষে গিয়ে দেখা যায়, পরীক্ষার্থীরা যে যাঁর মতো বই, ফটোকপি ও বইয়ের পাতা দেখে লিখছেন। বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন অবসরপ্রাপ্ত শিক্ষক পরিদর্শকের ভূমিকায় থাকলেও তাঁদের কাউকে নকলে বাধা দিতে দেখা যায়নি। পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় এলএলবি পরীক্ষার্থী মিজানুর রহমানকে জিজ্ঞেস করা হয়, কী বিষয়ে পরীক্ষা দিলেন? খানিক্ষণ ইতস্তত করে প্রশ্ন দেখে তিনি বলেন, ‘ভূমি অধিগ্রহণ’। প্রশ্নপত্রটি হাতে নিয়ে দেখা যায়, তাঁর পরীক্ষার বিষয় ছিল ‘ল্যান্ড ল’ (ভূমি আইন)। রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান চন্দ্র শেখর হালদার জানান, অনেক আগে স্নাতক পাস করেছেন। সমাজসেবা করে নিয়মিত ক্লাস করার সুযোগ নেই। তাই ক্লাস না করে শুধু পরীক্ষা দিলেই পাস করা যাবে—এ শর্তে চার হাজার টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন। বাকি টাকা সনদপত্র দেওয়ার সময় নেওয়ার কথা। ঝালকাঠি ক্যাম্পাসের কার্যালয়প্রধান দাবিদার অবসরপ্রাপ্ত শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে এখানে ৪৭২ জন শিক্ষার্থী ভর্তি রয়েছে।’ বিশ্ববিদ্যালয়টির ঝালকাঠি ক্যাম্পাসের সমন্বয়কারী দাবিদার আবদুর রাজ্জাক দাবি করেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় স্থানীয় প্রশাসনের কেউ তদারকি করতে পারেন না। নকল প্রসঙ্গে তিনি বলেন, ‘সেমিস্টার সিস্টেম পরীক্ষায় নকলের প্রয়োজন হয় না।’ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আনোয়ার ইসলাম বলেন, ‘ঝালকাঠি ক্যাম্পাসের কোনো বৈধতা নেই। ২০০৯ সালের মে মাসের পর সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ঢাকার বাইরের ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড নিয়ে মামলা থাকার সুযোগে ঝালকাঠিতে অবৈধ ক্যাম্পাস খোলা হয়েছে। অবৈধ ক্যাম্পাসে ভর্তি হওয়া শিক্ষার্থীরা ভবিষ্যতে বিপদে পড়বেন।’ জেলা প্রশাসক অশোক কুমার বিশ্বাস বলেন, ‘দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বৈধতা আছে কি না, তা যাচাই করে দেখা হবে। অবৈধ হলে পরিচালনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’