ভর্তি হলেন মাঈন উদ্দিন
অভাবী পরিবারের অদম্য মেধাবী মাঈন উদ্দিনের স্বপ্ন এখন পূরণ হতে চলেছে। রাজশাহী মেডিকেল কলেজের দন্ত বিভাগে ভর্তি হওয়ার জন্য অনেকেই তাঁকে সহায়তা করেছেন।
কালীগঞ্জের শিয়ালখোওয়া গ্রামের দরিদ্র পরিবারের সন্তান মাঈন উদ্দিন। ২০১২ সালে শিয়ালখোওয়া উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পান। ২০১৪ সালে ঢাকার হামদর্দ পাবলিক কলেজ থেকে এইচএসসিতেও জিপিএ-৫ পান তিনি। কলেজ কর্তৃপক্ষ তাঁকে বিনা বেতনে কলেজে পড়ার সুযোগ দিয়েছে। তাঁর বাবা বছির উদ্দিন ২০১৪ সালের ২৫ মার্চ মারা যান। তিনি ২০১৪-১৫ শিক্ষাবর্ষে রাজশাহী মেডিকেল কলেজের দন্ত বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পান। কিন্তু টাকার অভাবে ভর্তি হতে পারছিলেন না। এ বিষয়ে ৪ জানুয়ারি প্রথম আলোয় ‘টাকার অভাবে স্বপ্ন ফিকে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে অনেকেই তাঁর দিকে সহায়তার হাত বাড়িয়ে দেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম রাব্বি ও উপজেলা প্রশাসন পাঁচ হাজার, চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সাত হাজার টাকা ও ভোটমারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা হানিফ পাঁচ হাজার টাকা অনুদান হিসেবে মাঈন উদ্দিনকে দিয়েছেন। অনুদান হিসেবে পাওয়া ১৭ হাজার টাকার মধ্যে ১৪ হাজার ২১০ টাকা দিয়ে তিনি গত বুধবার ভর্তি হন। তবে বই, পোশাকসহ আনুষঙ্গিক খরচের জন্য আরও ২০ হাজার টাকা প্রয়োজন তাঁর।