নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। প্রায় এক হাজার ২০০ শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত ৬০ টাকা করে নেওয়া হয়েছে।
শিক্ষার্থী ও কলেজ সূত্রে জানা গেছে, প্রত্যেক শিক্ষার্থীকে সেমিনার ফি ও পরীক্ষা বাবদ ৫৪০ টাকা করে পরিশোধ করার নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। অথচ ভর্তির সময় এ বাবদ ৬০০ টাকা করে নেওয়া হচ্ছে। কিন্তু রসিদ দেওয়া হচ্ছে মাত্র ৩০০ টাকার।
প্রথম বর্ষে ভর্তি হওয়া এক শিক্ষার্থী জানান, অতিরিক্ত ৬০ টাকা নেওয়ার বিষয়টি জানতে চাইলে কলেজ কর্তৃপক্ষ আমাদের ধমক দিয়ে বিদায় করছেন। আর রসিদের কথা বললে সেটা পরে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দর্শন ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই ছাত্র বলেন, শুধু সেমিনার ফি বাবদ নেওয়া ৩০০ টাকার রসিদ দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ বাকি টাকার রসিদ দেয়নি। কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, এ পর্যন্ত প্রথম বর্ষে এক হাজার ২৭০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এ হিসাবে ভর্তি বাবদ ইতিমধ্যে ৭৬ হাজার ২০০ টাকা আদায় করা হয়েছে। বাকি ১৫৬ জনকেও ভর্তি করা হবে।
কলেজের উপাধ্যক্ষ মকবুল হোসেন বলেন, এক টাকাও অতিরিক্ত নেওয়া হয়নি। তিনি বলেন, ভিড়ের কারণে রসিদ দেওয়া হয়নি। তবে কিছু দিনের মধ্যে সবাইকে বাকি ৩০০ টাকার রসিদ দেওয়া হবে। এ নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নেই।