ভর্তিতে অনলাইনে লেনদেন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বদমাশ’ ছাত্রনেতাদের আর্থিক লুটপাট ঠেকাতে সিলেটের মদনমোহন কলেজে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে অনলাইনে লেনদেন শুরু হয়েছে। চলতি শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির লেনদেনে অনলাইন কার্যক্রম শুরু হলো। কলেজের প্রশাসন বিভাগ জানায়, ২২ অক্টোবর অনলাইনে স্নাতকোত্তর শ্রেণীতে ভর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়। এ ভর্তি কার্যক্রম চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এ ক্ষেত্রে টেলিটকের ‘এসএমএস ট্রানজেকশন’ পদ্ধতিতে আর্থিক লেনদেন করা হচ্ছে।
কলেজ সূত্র জানায়, গত ২৪ সেপ্টেম্বর কলেজ পরিচালনা পর্ষদের সভায় ২৭ অক্টোবরের মধ্যে ভর্তিতে অনলাইন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্থানীয় সাংসদ হিসেবে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি। ২৪ সেপ্টেম্বর তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শিক্ষার্থীদের ভর্তিসহ ফরম পূরণের টাকা থেকে প্রায় ৭০ লাখ টাকা লোপটের তথ্য প্রকাশ পায়। ক্ষুব্ধ অর্থমন্ত্রী সভা শেষে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীদের টাকা লুটপাটকারীদের ‘বদমাশ ছাত্রনেতা’ বলে অভিহিত করেছিলেন। লুটপাট ঠেকাতে ২৭ অক্টোবরের মধ্যে যাবতীয় আর্থিক লেনদেন অনলাইনে করার নির্দেশ দিয়েছিলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর বেঁধে দেওয়া সময়ের পাঁচ দিন আগে থেকেই অনলাইনে লেনদেন শুরু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ।