ভর্তিতে অনিয়মের অভিযোগ এনে ছাত্রলীগ-ছাত্রমৈত্রীর হামলা ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে গতকাল শনিবার অ.াবারও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়েছে। ছাত্র ভর্তিতে অনিয়মের অভিযোগ তুলে ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর নেতা-কর্মীরা এ হামলা চালায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের ১০ কর্মী আহত হয়। এ সময় ক্যাম্পাসে একটি ককটেল বিস্ফোরিত হয় বলে জানা গেছে। এ ঘটনায় প্রায় দুই ঘণ্টা ভর্তি কার্যক্রম বন্ধ থাকলেও পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে ভর্তির কাজ চালানো হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ১০টার দিকে কলেজের সেমিনার কক্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তির কাজ চলছিল। এ সময় ছাত্রলীগ এবং ছাত্রমৈত্রীর কর্মীরা মিছিল করে এসে ১১৪ নম্বর কক্ষে হামলা চালায়। তারা ওই কক্ষের জানালার কাচ ভাঙচুর শুরু করে। এ সময় সেখানে কর্তব্যরত পুলিশ হামলাকারীদের ধাওয়া করে। হামলাকারীরা পাল্টা পুলিশের উদ্দেশে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। তখন পুলিশ লাঠিপেটা শুরু করলে হামলাকারীরা কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। এ সময় প্রায় এক ঘণ্টা ধরে পুলিশ ও হামলাকারীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া চলে। হামলাকারীরা রাস্তায় একটি সরকারি জিপ ও একটি হিউম্যান হলার ভাঙচুর করে। সেখানে একটি ককটেলও বিস্ফোরিত হয়।পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগের কর্মী পাভেল, জনি, বাকি, ফরিদ ও তৌকিরসহ ১০ জন আহত হয়। পুলিশ ছাত্রলীগের কর্মী জাহাঙ্গীর আলম ওরফে কনক ও রুবেল এবং ছাত্রমৈত্রীর কর্মী নয়ন সরকারকে আটক করে। সন্ধ্যার পর তাদের ছেড়ে দেওয়া হয়। একই অভিযোগে গত বৃহস্পতিবার হামলা চালিয়ে ভাঙচুর করেছিল ছাত্রলীগ।ছাত্রলীগের কলেজ শাখার আহ্বায়ক মামুনুর রশিদ অভিযোগ করেন, ভর্তির অপেক্ষমাণ তালিকা বাইরে না ঝুলিয়ে কক্ষের দরজা বন্ধ মেধাক্রম লঙ্ঘন করে কর্তৃপক্ষ ছাত্র ভর্তি করছে। ছাত্রলীগ এর প্রতিবাদ করতে গেলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। এতে তাদের ১০ কর্মী আহত হয়েছে।ছাত্রমৈত্রীর রাজশাহী মহানগর শাখার সভাপতি মতিউর রহমান জানান, হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাত্রমৈত্রীর কেউ ছিল না। তাদের কর্মী নয়ন সরকার ভর্তির জন্য কলেজে গেলে পুলিশ তাকে আটক করে। কলেজের অধ্যক্ষ ফরিদা সুলতানা ভর্তির ক্ষেত্রে অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আতঙ্ক সৃষ্টির জন্য এ হামলা চালানো হয়েছে। ভর্তি হতে আসা সাধারণ শিক্ষার্থীরা ভয় পেয়ে চলে গেলে তারা নিজেদের ছেলেদের ভর্তি করাতে পারবে—এ আশায় এটা করেছে।’রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গতকাল বিকেলে বলেন, ছাত্রলীগ ও ছাত্রমৈত্রীর কর্মীরাই এ হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ মামলা করেনি।