ভর্তিতে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি উত্তরা আধুনিক মেডিকেল কলেজে এমবিবিএস প্রথম বর্ষে ভর্তিতে অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। কমিটি ১ জানুয়ারি তদন্ত প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা দিয়েছে।

তবে অনিয়মের কারণে যাঁরা ভর্তি হতে পারেননি, এই তদন্ত তাঁদের কোনো কাজে আসবে না বলে অনেকেই মনে করছেন।

তদন্ত কমিটির প্রধান ও স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও জনশক্তি উন্নয়ন) অধ্যাপক এম এ রশিদ প্রথম আলোকে বলেছেন, ‘আমরা মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছি। এখন মন্ত্রণালয় করণীয় ঠিক করবে।’

‘আগে আসলে আগে ভর্তি’ নীতির ভিত্তিতে উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ১৭ ডিসেম্বর ভর্তি-প্রক্রিয়া শেষ করে। এর তিন দিন আগে ১৪ ডিসেম্বর বিকেল পাঁচটায় আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা টাঙিয়ে দেয় কর্তৃপক্ষ এবং বিজ্ঞপ্তিতে ‘আগে আসলে আগে ভর্তি’র কথা জানিয়ে দেয়। ১৫ ডিসেম্বর ছিল শুক্রবার এবং ১৬ ডিসেম্বর ছিল বিজয় দিবসের ছুটি। অনেক শিক্ষার্থীর পক্ষে এই নোটিশ দেখা সম্ভব হয়নি। কিন্তু ১৭ তারিখ শিক্ষার্থীরা কলেজে এসে দেখেন ভর্তি-প্রক্রিয়া শেষ। মেধাতালিকার সামনে থাকা কিছু শিক্ষার্থীরা এতে ভর্তি হতে পারেননি। এ নিয়ে ১৮ ডিসেম্বর প্রথম আলোয় প্রতিবেদন ছাপা হয়।

মেডিকেল ভর্তিতে সব সময় মেধার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কোনো নীতিতে বা বিজ্ঞপ্তিতে ‘আগে আসলে আগে ভর্তি’র কোনো বিধান নেই। গণমাধ্যমে অনিয়মের বিষয়টি প্রকাশ হওয়ার পর ২০ ডিসেম্বর তদন্ত কমিটি গঠন করে মন্ত্রণালয়।

তদন্ত কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে বলেছেন, ভর্তির শেষ তারিখ ৭ জানুয়ারি। কলেজ কর্তৃপক্ষ তড়িঘড়ি করে ভর্তি-প্রক্রিয়া শেষ করায় মেধাতালিকার সামনে থাকা একাধিক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাননি।

গতকাল মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তর প্রথম আলোকে জানিয়েছে, তারা তদন্ত প্রতিবেদন পেয়েছে। তবে প্রতিবেদনে কী আছে, তা কর্মকর্তারা পড়ে দেখেননি। প্রতিবেদন নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কবে বসবেন, তা ঠিক হয়নি।

উত্তরা আধুনিক মেডিকেল কলেজের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ৭ জানুয়ারি বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির শেষ তারিখ। ১০ জানুয়ারি থেকে ক্লাস শুরু। মন্ত্রণালয় যদি ৭ জানুয়ারির পর কোনো সিদ্ধান্ত নেয়, তাহলে বঞ্চিত শিক্ষার্থীদের সেই সিদ্ধান্ত কোনো কাজে আসবে না।