ভর্তিতে কোটার দাবিতে কর্মবিরতির ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের লাক্কাতুরা চা-বাগানে নতুন সরকারি উচ্চবিদ্যালয়ে চা-শ্রমিক সন্তানদের ভর্তির কোটার দাবি পূরণ না হলে ২৪ ডিসেম্বর থেকে সাতটি চা-বাগানে একযোগে কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। চা-বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদ গতকাল সোমবার চা-শ্রমিক শিক্ষা অধিকার বাস্তবায়ন কমিটির সঙ্গে বৈঠক করে এ ঘোষণা দিয়েছে।

বিকেল চারটার দিকে লাক্কাতুরা চা-বাগানে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চা-শ্রমিকনেতা রাজু গোয়ালা, হৃদেশ মুদি, জিতেন সবর, পরিষদের সংগঠক অধীর বাউরী, শান্ত বাউরী, রানা বাউরী, দিলীপ কুর্মি উপস্থিত ছিলেন। দুই সংগঠনের আন্দোলন সমন্বিত করতে যৌথ ঘোষণা হিসেবে ২৪ ডিসেম্বর থেকে লাক্কাতুরা, মালনীছড়া, তারাপুর, দলদলি, ছড়াগাঙ, হিলুয়াছড়া ও আলীবাহার চা-বাগানে কর্মবিরতি পালনের সিদ্ধান্ত হয়।

চা-শ্রমিকনেতা রাজু গোয়ালা ও পরিষদের পক্ষে অধীর বাউরী কর্মবিরতি পালনের দিনক্ষণ বেঁধে দেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

ন্যাশনাল টি কোম্পানির অধীন সিলেট নগরের উত্তরে লাক্কাতুরা চা-বাগানের দুই একর জায়গা অধিগ্রহণ করে প্রতিষ্ঠিত সিলেট সরকারি উচ্চবিদ্যালয় ২০১৭ সা​লে চালুর কথা। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের তত্ত্বাবধানে বিদ্যালয় স্থাপনকালে ভর্তির ক্ষেত্রে চা-শ্রমিকদের বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু ভর্তিপ্রক্রিয়ায় বিষয়টির কোনো উল্লেখ না থাকায় ক্ষুব্ধ চা-শ্রমিক ও শিক্ষার্থীরা আন্দোলনে নেমেছে।

গতকাল চা-শ্রমিক সংগঠনের সঙ্গে বৈঠকের পর পরিষদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এরপর তিন দিনের মধ্যে দাবির ব্যাপারে কোনো ঘোষণা না এলে পরদিন থেকে বাগানে কর্মবিরতি পালন শুরু হবে। এ কর্মবিরতি কোটা দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।