ভর্তিতে ঢাকা মহানগরে এবারও ৪০ শতাংশ এলাকার কোটা
ঢাকা মহানগরীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোর শিক্ষার্থী ভর্তিতে এবারও ৪০ শতাংশ আসন বিদ্যালয়সংলগ্ন এলাকার (ক্যাচমেন্ট এরিয়া) শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ রাখতে হবে। বাকি ৬০ শতাংশ আসন সবার জন্য উন্মুক্ত থাকবে।
এ নিয়ম রেখে গতকাল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা, ২০১৬ জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। প্রায় সব নিয়ম আগের মতোই রাখা হয়েছে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য আবশ্যিকভাবে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করতে হবে। আর দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শূন্য আসনে লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী বাছাই করতে হবে। নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি করতে হবে জেএসসি-জেডিসির ফলের ভিত্তিতে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তিতে ষষ্ঠ শ্রেণির মোট আসনের ১০ শতাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি উত্তীর্ণদের জন্য সংরক্ষিত রাখতে হবে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা এবং পুত্র-কন্যা পাওয়া না গেলে পুত্র-কন্যার সন্তানদের ভর্তির জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত থাকবে।