ভর্তিতে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। মানা হচ্ছে না শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা। এ ব্যাপারে ২৪ ডিসেম্বর জেলা প্রশাসককে লিখিত অভিযোগ দিয়েছেন অভিভাবকেরা।
অভিভাবকেরা জানান, নার্সারি থেকে দশম শ্রেণি পর্যন্ত ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কাছ থেকে শিক্ষাবর্ষ ফি নেওয়া হচ্ছে সাড়ে আট হাজার টাকা। আর মাসিক বেতন ধার্য করা হয়েছে শ্রেণিভেদে ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা পর্যন্ত। এ ছাড়া বার্ষিক ফি হিসেবে মুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ২ হাজার ও অমুসলিম শিক্ষার্থীদের কাছ থেকে ১ হাজার ৬০০ টাকা। সব মিলিয়ে ভর্তির সময় একজন শিক্ষার্থীর কাছ থেকে শ্রেণিভেদে আদায় করা হচ্ছে ১২ হাজার ৬০০ থেকে ১৪ হাজার ১০০ টাকা।
শিক্ষা মন্ত্রণালয়ের ‘বেসরকারি স্কুল/স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক, নিম্নমাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তরে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০১৫’–এর ১০ নম্বর ধারার (খ) উপধারা অনুযায়ী, সেশন চার্জসহ ভর্তি ফি সর্ব সাকুল্যে মফস্বল এলাকায় ৫০০ টাকা, পৌর (উপজেলা) এলাকায় এক হাজার, পৌর (জেলা সদর) এলাকায় দুই হাজার এবং ঢাকা ব্যতীত অন্য মহানগর এলাকায় তিন হাজার টাকার বেশি হবে না।
এ ব্যাপারে জানতে চাইলে বাড়তি অর্থ নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এ জে এম শহীদুল্লাহ। তিনি প্রথম আলোকে বলেন, ‘সরকার নতুন বেতন স্কেল ঘোষণা দিয়েছে। এখন আমাদেরও প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়াতে হবে। আবার বাড়ির মালিক ভাড়া বাড়িয়েছে। আমরা তো কোনো সরকারি অনুদান নিই না। তাই নতুন করে বেতন-ফি নির্ধারণ করতে হয়েছে।’
শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম ও সপ্তম শ্রেণিতে ভর্তি ইচ্ছুক দুই শিক্ষার্থীর অভিভাবক প্রথম আলোকে বলেন, ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের নির্ধারিত ফির বেশি অর্থ নেওয়ায় তা দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, ভর্তির ক্ষেত্রে বাড়তি অর্থ নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে।