নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ভর্তিতে মুক্তিযোদ্ধা কোটায় একজন ছাত্রকেও ভর্তি করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোটা থেকে সর্বোচ্চ দুজনের ভর্তির সুযোগ থাকলেও সেখানে ১০ জনকে ভর্তি করা হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছর এই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে মোট ১২ জন ছাত্র ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় ১৭০ জন অংশ নেয়। এর মধ্যে মাত্র দুজনকে মেধাতালিকায় ও ১০ জনকে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উত্তীর্ণদের মধ্য থেকে নেওয়া হয়। বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণি থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য ১০ শতাংশ কোটা ছিল। এ হিসাবে এই কোটা থেকে সর্বোচ্চ দুজনকে ভর্তি করানো যাবে। আর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা (দফা-১৯) অনুযায়ী মুক্তিযোদ্ধার সন্তানদের পাওয়া না গেলে তাঁদের ছেলেমেয়েদের জন্য ৫ শতাংশ কোটা সংরক্ষিত।
শিক্ষার্থীদের অভিভাবকদের অভিযোগ, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা থেকে আটজন পরীক্ষায় অংশ নিয়েছিল। সেখান থেকে একজনকেও নেওয়া হয়নি।
এ ব্যাপারে নাটোরের মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সহকমান্ডার কাজী আব্দুল করিমের ছেলে কাজী সোহেল রানা বলেন, ‘আমরা প্রশাসনের করুণা চাই না, ন্যায্য পাওনা চাই। কোটা অনুযায়ী ভর্তির সুযোগ চাই।’ তিনি জানান, বিষয়টি জেলা প্রশাসককে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেননি।
নাটোর মুক্তিযোদ্ধা কমান্ডের সহকমান্ডার (তথ্য) নজরুল ইসলাম বলেন, ‘সরকারি বিদ্যালয়ে ভর্তির নীতিমালায় ৫ শতাংশ কোটা মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। তাহলে আমাদের সন্তানদের কেন বঞ্চিত করা হচ্ছে?’
এ ব্যাপারে নাটোর সরকারি বালক উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মশিউর রহমান বলেন, ভর্তির বিষয়টি নিয়ন্ত্রণ করে ডিজি অফিস। সেখান থেকে ফলাফল প্রকাশের দায়িত্ব দেওয়া হয় টেলিটক মুঠোফোন কোম্পানিকে। এ ব্যাপারে তাঁর কিছুই করার নাই। ষষ্ঠ শ্রেণির জন্য কোনো কোটা আছে কি না, তা ডিজি কার্যালয় থেকে তিনি জেনে নিতে বলেন।