চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতকে ভর্তির কার্যক্রম আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে। ২৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ভর্তির আবেদন করতে পারবেন। গতকাল বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে উপাচার্য ইফতেখার উদ্দীন চৌধুরী সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এবার বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৭৯১ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।
উপাচার্য বলেন, এবার কলা ও মানববিদ্যা অনুষদের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ১৪৯৮টি, বিজ্ঞান অনুষদের ৫টি বিভাগে ৫৫১টি, ব্যবসায় প্রশাসন অনুষদের ৬টি বিভাগে ৭৫১টি, আইন অনুষদে ১৩৬টি, জীববিজ্ঞান অনুষদের ৯টি বিভাগে ৫৭৬টি, ইঞ্জিনিয়ারিং অনুষদের ২টি বিভাগে ১৪০টি, শিক্ষা অনুষদে ৪৩টি, মেরিন সায়েন্স ইনস্টিটিউটের ৩টি বিষয়ে ১১৪টি, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের ২টি বিষয়ে ৯২টি আসন থাকছে।
উপাচার্য বলেন, ২৩ অক্টোবর শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত সকাল-বিকেল দুই পালায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষাসংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।