ভর্তিবঞ্চিত শিক্ষার্থীদের ভাঙচুর, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের সরকারি গৌরনদী কলেজে ভর্তিবঞ্চিত বিক্ষুব্ধ শিক্ষার্থীরা গতকাল বুধবার সকালে কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেছে। বেলা সোয়া একটায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজের অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে দেয় এবং কলেজের বিভিন্ন কক্ষ ভাঙচুর করে। কলেজ সূত্রে জানা গেছে, এবার একাদশ শ্রেণীতে সরকারি গৌরনদী কলেজে বিজ্ঞান বিভাগে ১৫০ জন, মানবিকে ৩০০ জন ও বাণিজ্য বিভাগে ৩০০ জন শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ আ. মজিদ হাওলাদার জানান, ৭৫০টি আসনের বিপরীতে ভর্তি হতে ইচ্ছুক এক হাজার ৩৫০ জন শিক্ষার্থী আবেদন করে। মানবিক ও বাণিজ্য বিভাগে ৩০০ জন করে ভর্তি করা হলেও বিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছে মাত্র ২৯ জন। শিক্ষার্থীরা বিজ্ঞান বিভাগের এই শূন্য ১২১টি আসনের বিপরীতে বাণিজ্য ও মানবিক বিভাগে ১২১ জনকে ভর্তি করার দাবি জানায়। কিন্তু বোর্ডের অনুমতি না থাকায় ভর্তি করা সম্ভব হয়নি। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, কলেজে ভর্তির কোটা বৃদ্ধির দাবিতে ভর্তিবঞ্চিত প্রায় ছয়-সাত শ শিক্ষার্থী গতকাল বেলা ১১টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশের মধ্যস্থতায় বেলা সোয়া একটার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। পরে তারা কলেজ ক্যাম্পাসে ঢুকে অধ্যক্ষের কক্ষে তালা লাগিয়ে অধ্যক্ষসহ শিক্ষকদের এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখে এবং কলেজের বিভিন্ন কক্ষে ব্যাপক ভাঙচুর চালায়। পরে গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার ও পৌর মেয়র মো. হারিসুর রহমান ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মেয়র হারিসুর রহমান বলেন, ‘বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বিমল কৃষ্ণ মজুমদারের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে বিষয়টি নিয়ে তিনি শিক্ষামন্ত্রীর সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা নেবেন। এ আশ্বাসের খবর শুনে শিক্ষার্থীরা শান্ত হয়।’অধ্যক্ষ আ. মজিদ বলেন, ‘এ ব্যাপারে শিক্ষা বোর্ডে গিয়েও কোনো সমাধান করতে পারিনি। বোর্ড থেকে কোনো অনুমতি পাওয়া যায়নি।’