ভর্তিবাণিজ্য ঠেকাতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তিবাণিজ্য ঠেকাতে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ২০১২-১৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ৪৩টি সরকারি-বেসরকারি কলেজে অনলাইনে শিক্ষার্থী ভর্তি করা হবে। একই সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের অনুমোদনহীন কলেজে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার জন্য বোর্ডের তরফ থেকে পরামর্শ দেওয়া হয়েছে।বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য জানানো হয়। বোর্ডের কলেজ শাখার কর্মকর্তা মো. আবদুল খালেক জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে সরকারি-বেসরকারি ও প্রাইভেট মিলিয়ে ৩০০টি কলেজ আছে।এসব কলেজ থেকে ৪৩টি কলেজকে অনলাইনে ভর্তির জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে কুমিল্লা ও নোয়াখালী জেলার ১১টি করে, চাঁদপুর ও ফেনী জেলার ছয়টি করে, লক্ষ্মীপুরের পাঁচটি ও ব্রাহ্মণবাড়িয়ার চারটি কলেজকে ওই কার্যক্রমের আওতায় আনা হয়েছে। এবারের একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালায় উল্লেখ করা হয়েছে, যেসব কলেজে আসন সংখ্যা ৬০০-র বেশি, ওই সব কলেজকে অবশ্যই অনলাইনে ভর্তির ব্যবস্থা করতে হবে।একই সঙ্গে ৩০০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানোর অনুমতি আছে এমন প্রতিষ্ঠানও ইচ্ছা করলে অনলাইনে ভর্তির কার্যক্রম চালাতে পারবে। এরই পরিপ্রেক্ষিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের আওতাভুক্ত ছয় জেলার ৪৩টি কলেজকে অনলাইনের আওতায় আনা হয়। এদিকে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর নামসর্বস্ব কিছু কলেজ একাদশ শ্রেণীতে ভর্তির জন্য বিজ্ঞাপন প্রচার করছে। এসব অনুমোদনহীন কলেজকে শিক্ষার্থী ভর্তি না করানোর জন্য বোর্ডের তরফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের অনুমোদনহীন কলেজে ভর্তি না হওয়ার পরামর্শও দেয় শিক্ষা বোর্ড।গত বুধবার বোর্ডের পক্ষ থেকে এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন থাকার পরামর্শও দেওয়া হয়। কলেজ পরিদর্শক মো. নিজামুল করিম বলেন, ‘অভিভাবক ও শিক্ষার্থীদের রক্ষা করার জন্য আমরা বোর্ডের ওয়েবসাইটে ভর্তির অনুমোদনপ্রাপ্ত কলেজের তালিকা, কলেজ কোড ও আসনসংখ্যা প্রকাশ করেছি। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কুন্ডু গোপীদাস বলেন, এর মাধ্যমে ভর্তিপ্রক্রিয়ায় স্বচ্ছতা আসবে।