চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার থেকে শুরু হচ্ছে। আজ প্রথম দিন সকাল সাড়ে ১০টায় এ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং বেলা আড়াইটায় এফ ইউনিটের (বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।এবারের ভর্তি পরীক্ষায় তিন হাজার ৮৬৯টি আসনের জন্য এক লাখ ২৩ হাজার ৪৪৮ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করছেন। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থী ৩২ জন। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন কাল রোববার সকালে এইচ ১-৩ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) এবং বিকেলে জি ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।এদিকে, ভর্তি পরীক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে এক জোড়া অতিরিক্ত শাটল ট্রেন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।