ভর্তির আবেদন আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক এবং বিবিএ প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীরা আজ সোমবার থেকে আবেদন করতে পারবেন। ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করা যাবে।
আগামী ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। শিক্ষার্থীরা শুধু টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন।
গতকাল রোববার বিকেল সাড়ে পাঁচটায় নগরের চারুকলা ইনস্টিটিউটে ভর্তি কার্যক্রম প্রক্রিয়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী। এ সময় তিনি ভর্তি-প্রক্রিয়া নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ডিন কমিটির আহ্বায়ক অধ্যাপক সেকান্দর চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক কামরুল হুদা ও টেলিটকের অপারেশন শাখার প্রধান নির্বাহী নুরুল হুদা। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ভর্তি পরীক্ষা কমিটিতে দায়িত্ব পাওয়া কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটি সূত্র জানায়, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে মোট ১০টি ইউনিটের অধীনে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ৪ হাজার ৬৫৩ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। এর মধ্যে সাধারণ আসন ৩ হাজার ৯৯৯টি ও কোটার আসন ৬৫৪টি।
বিশ্ববিদ্যালয়ে এবার শিল্পী ও খেলোয়াড় কোটা বিলুপ্ত করে সংগীত এবং ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ নামে দুটি নতুন বিভাগ চালু করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে আসন বাড়ানো হয়েছে ৮০টি। এর মধ্যে ৬৫টি সাধারণ আসনে আর ১৫টি আসন বিভিন্ন কোটায়। তবে খেলোয়াড় কোটা বিলুপ্ত ঘোষণা করা হলেও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) থেকে পাস করে আসা শিক্ষার্থীদের জন্য কোটায় ১০টি আসন রাখা হয়েছে।
ভর্তি পরীক্ষা কমিটির সচিব ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) এস এম আকবর হোছাইন জানান, ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার আবেদন-সংক্রান্ত সব তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাবেন।