অবশেষে আন্দোলনের মুখে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের বিশেষ একাডেমিক কাউন্সিলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী, আন্দোলনকারী শিক্ষার্থী ও প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে ভর্তির বর্ধিত আবেদন ফি নিয়ে চলমান আন্দোলন ও সামগ্রিক পরিস্থিতি-সংক্রান্ত একাডেমিক কাউন্সিলের বিশেষ সভা শুরু হয়। উপাচার্য মো. আমিনুল হক ভূঁইয়ার সভাপতিত্বে সভায় একাডেমিক কাউন্সিলের সদস্যরা অংশ নেন। বৈঠকে ভর্তির আবেদন ফি এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে ‘এ’ ও স্থাপত্যবিদ্যা ছাড়া ‘বি’ ইউনিটের সব বিষয়ের ভর্তির আবেদন ফি ১ হাজার থেকে কমিয়ে ৮০০ টাকা করা হয়। আর স্থাপত্যবিদ্যাসহ ‘বি’ ইউনিটের সব বিষয়ের আবেদন ফি ১ হাজার ২০০ থেকে কমিয়ে ৯০০ টাকা নির্ধারণ করা হয়। এ ছাড়া ভর্তিসংক্রান্ত বিভ্রান্তিমূলক তথ্য পরিবেশন না করার জন্য সব মহলকে অনুরোধ করার সিদ্ধান্ত হয়েছে।