চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ২০১০-১১ শিক্ষাবর্ষের বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি পরীক্ষার আবেদনপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিন কাল বুধবার।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মুঠোফোনের খুদে বার্তার (এসএমএস) মাধ্যমে কাল ২০ অক্টোবর রাত ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। এই সময়ের পরে কোনো আবস্থায় কোনো আবেদনপত্র নেওয়া হবে না। গতকাল সোমবার বিকেল পর্যন্ত তিন হাজার ৭৫০টি আবেদন জমা পড়েছে। এবার তিনটি অনুষদের সাতটি বিভাগে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।সূত্রমতে, শিক্ষার্থীদের দুর্ভোগ ও কষ্ট কমাতে এবারই প্রথম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মুঠোফোনের খুদে বার্তার মাধ্যমে ভর্তি ফরম বিতরণ শুরু করে। এ ছাড়া বিস্তারিত তথ্য চুয়েটের ওয়েবসাইটে (www.cuet.ac.bd) পাওয়া যাবে।কর্তৃপক্ষ জানায়, ২৫ অক্টোবর ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নির্বাচিত প্রার্থীদের তালিকা ও ক্রমিক নম্বর প্রকাশ করা হবে। আগামী ৪ নভেম্বর ভর্তি পরীক্ষা এবং ১১ নভেম্বর ফলাফল প্রকাশ করা হবে।