ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১১ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১-এর স্নাতক ভর্তি পরীক্ষার আবেদনপত্র অনলাইনে পূরণ ও জমা দেওয়ার সময় ১১ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। গত রোববার ছিল আবেদনপত্র পূরণ ও জমা দেওয়ার শেষ দিন।গত রোববার বিকেল চারটায় উপাচার্য এম এ সাত্তার মণ্ডলের সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময় অনুযায়ী আগামী ৪ ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি কমিটি সূত্রে জানা গেছে।বৈঠকে উপস্থিত ভর্তি কমিটির সদস্য আবু হাদী নূর আলী খান জানান, বিশ্ববিদ্যালয়ের মোট ছয়টি অনুষদের ৮৮৭টি আসনের (সংরক্ষিত আসনসহ) বিপরীতে অনূর্ধ্ব ১০ গুণ শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হবে। সব অনুষদের জন্য কেন্দ্রীয়ভাবে লিখিত নির্বাচনী পরীক্ষা আগামী ৪ ডিসেম্বর বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।ভর্তি কমিটির সদস্য আবু হাদী নূর আলী খান আরও জানান, উচ্চমাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রম অনুযায়ী পদার্থবিদ্যা, রসায়ন, গণিত ও জীববিদ্যা বিষয়ের প্রতিটিতে সমান নম্বরে মোট ১০০ নম্বরের লিখিত পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। সংরক্ষিত আসনের প্রার্থীদেরও ভর্তির জন্য একই লিখিত নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।আবেদনকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে লিখিত পরীক্ষায় অংশ নেওয়ার জন্য যোগ্য প্রার্থীদের তালিকা আগামী ২৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েব ঠিকানায় প্রকাশ করা হবে। এ ছাড়া ভর্তি পরীক্ষা-সংক্রান্ত অন্য সব তথ্য একই ওয়েব ঠিকানায় পাওয়া যাবে। ওয়েবসাইটের ঠিকানা ww.bau.edu.bd/admission। তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে আবেদনকারীরা admission@ bau.edu.bd এই ই-মেইল এবং ০১৭১৬৬২৫৮৭৩ নম্বরে খোঁজ নিতে পারবেন।