ভর্তির আবেদনপত্র পূরণের সময় বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির জন্য অনলাইনে ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। আজ বুধবার পর্যন্ত ফরম পূরণ ও জমা দেওয়ার শেষ দিন থাকলেও এখন ১৬ নভেম্বর পর্যন্ত ফরম পূরণ ও জমা দেওয়া যাবে।ভর্তি কমিটির সদস্য ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান এ এইচ এম কামাল জানান, ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় সময় বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখ ২৯, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।জানা গেছে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য এ বছর ক্যাম্পাসে বা অন্য কোথাও ফরম বিতরণ করা হয়নি এবং বিশ্ববিদ্যালয়ে ফরম জমা নেওয়া হচ্ছে না। প্রযুক্তির ব্যবহার করে ডাকঘরের মাধ্যমে এবারই প্রথম অনলাইনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম চলছে।বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমিনুল ইসলাম জানান, এ বছর পাঁচটি ইউনিটে ১২টি বিষয়ে ভর্তির জন্য এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার যাবতীয় তথ্য www.jkkniu.edu.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রয়োজনে আবেদনকারীরা ০১৭১২৫৯৪৫৬৯, ০১৯১৯৮১৭৩৫১, ০১৭১১০২৮৫১০, ০১৭৩২২২৬৪০২ নম্বরে কল করে কথা বলতে পারবেন।