বরিশাল বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ব্যাচে ভর্তির আবেদনপত্র বিতরণ আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তা জমা নেওয়া হবে। আগামী ২ ও ৩ নভেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।গত বুধবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদের অধীন ১০টি বিভাগে দ্বিতীয় ব্যাচে শিক্ষার্থী ভর্তি করা হবে। আগামী ১ সেপ্টেম্বর থেকে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা টেলিটক সিমের মাধ্যমে আবেদন করতে পারবেন।আবেদনপত্র ও টেলিটকের সার্ভিস চার্জ মিলিয়ে মোট ৪৯৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। গত বছর চারটি অনুষদের ছয়টি বিভাগে শিক্ষার্থী ভর্তি করা হয়েছিল। এবার নতুন অনুষদ জীববিজ্ঞান ও কৃষি এবং নতুন চারটি বিভাগ বাংলা, লোকপ্রশাসন, মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান ছাড়াও হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা হবে।বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুনর রশীদ খান বলেন, গত বছর চারটি অনুষদের ছয়টি বিষয়ে চার শতাধিক শিক্ষার্থী নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এ বছর আরও একটি অনুষদ ও চারটি বিভাগ খোলার অনুমতি দেওয়ায় বেশিসংখ্যক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন।