হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের শেষ সময় ৮ নভেম্বর। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শুধু অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আবেদন ফি ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ঢুকে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে, যেখানে একটি মোবাইল নম্বর দিতে হবে। সেই মোবাইল নম্বরটিতে বিভিন্ন তথ্য এসএমএসের মাধ্যমে প্রার্থীকে যথাসময়ে জানানো হবে। ৩০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এ বছর সোশ্যাল সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ নামে নতুন একটি অনুষদসহ মোট আটটি অনুষদের অধীনে ২০টি কোর্সে মোট ১ হাজার ৯৫০ জন ছাত্রছাত্রী ভর্তি হতে পারবেন। ভর্তি পরীক্ষা-সংক্রান্ত যাবতীয় তথ্য www.hstu.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া ১২ অক্টোবর থেকে শুরু হয়েছে।