নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) ভর্তির আবেদনের সময় ২০ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। একই সঙ্গে পরিবর্তন করা হয়েছে ভর্তি পরীক্ষার সময়সূচি।
গতকাল শুক্রবার রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১২ ও ১৩ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ‘এ’ গ্রুপের পরীক্ষা ১২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা, ‘সি’ গ্রুপের পরীক্ষা একই দিন বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত। এ ছাড়া ‘বি’ গ্রুপের পরীক্ষা ১৩ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা এবং ‘ডি’ গ্রুপের পরীক্ষা একই দিন বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার আবেদনের সময় বৃদ্ধি ও পরীক্ষার সময়সূচি পরিবর্তনের কথা নিশ্চিত করেন রেজিস্ট্রার মো. মমিনুল হক। গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, গত ২৬ অক্টোবর ভারপ্রাপ্ত উপাচার্য মো. আবুল হোসেন সব বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠক করে এ সিদ্ধান্ত নিয়েছেন।