ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণিতে অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া আজ রোববার শেষ হচ্ছে। বেলা দুইটা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে (<http://www.du.ac.bd/ admission>) প্রার্থীরা আবেদন করতে পারবেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আবেদন প্রক্রিয়া সমাপ্ত করবেন।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৪ আগস্ট বৃহস্পতিবার এই আবেদন প্রক্রিয়া শুরু হয়। আগামী ৫ সেপ্টেম্বর ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১২ সেপ্টেম্বর, কলা অনুষদের ‘খ’ ইউনিটের ১৯ সেপ্টেম্বর, শাখা পরিবর্তনের জন্য ‘ঘ’ ইউনিটের ২৬ সেপ্টেম্বর ও চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।