রংপুর জিলা স্কুলে নতুন ভবন ও শিক্ষক নিয়োগের বিষয়টি চলতি বছরের জুলাই মাসে অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। তবে তা এখনো বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে শিক্ষার্থীর সংখ্যা বাড়ানোর প্রক্রিয়াও থমকে আছে।
এ অবস্থায় জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ভর্তির আসন বাড়ানোর ঘোষণা না দিলে কাল শনিবার পরীক্ষার দিন বিদ্যালয় অবরোধ করা হবে। অভিভাবক সংগ্রাম কমিটির আহ্বানে সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ ১৫ ডিসেম্বর এক মানববন্ধনে এ ঘোষণা দেন।
জেলা প্রশাসন সূত্র জানায়, গত জুলাই মাসে রংপুর জিলা স্কুলে নতুন একটি ভবন নির্মাণ ও ১৫ জন শিক্ষক নিয়োগের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করা হয়। জেলা প্রশাসক এ আবেদন করেন। আবেদনের পর শিক্ষা মন্ত্রণালয় এর অনুমোদন দেয়। কিন্তু তা বাস্তবায়নের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, ‘এই মুহূর্তে আসন বাড়ানো সম্ভব নয়। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয়ে শিক্ষক নিয়োগসহ ভবন নির্মাণের বিষয়টি অনুমোদন হয়েছে। এটি এখন বাস্তবায়নের ব্যাপার মাত্র। এই ভবন নির্মাণে আনুমানিক ২০ লাখ টাকা ব্যয় হবে।’
সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দীন আহমেদ বলেন, ‘রংপুরে সরকারি বিদ্যালয় মাত্র দুটি। কিন্তু এখানকার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর সংখ্যা দিন দিন বাড়ছে। কিন্তু এ দুটি বিদ্যালয়ে আসন বাড়ানো হচ্ছে না। আমি সাংবাদিকদের মাধ্যমে মাননীয় শিক্ষামন্ত্রীকে এই শিক্ষাবর্ষেই আসন বাড়ানোর জন্য অনুরোধ করছি।’
অভিভাবক সংগ্রাম কমিটির আহ্বায়ক ফারুক আহমেদ বলেন, ‘বিদ্যালয় দুটিতে আসন বাড়ানোর দাবিতে আমরা ইতিমধ্যে চার দফায় মানববন্ধন ও সমাবেশ করেছি। এটি এখন আমাদের প্রাণের দাবি। দাবি আদায়ে কাল ভর্তি পরীক্ষার দিন শিক্ষাপ্রতিষ্ঠানে অবরোধ কর্মসূচি পালন করা হবে।’
বিদ্যালয় সূত্রে জানা গেছে, জিলা স্কুল ও সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শুধু তৃতীয় শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হয়। প্রতিটি বিদ্যালয়ে দুই পালায় ২৪০ জন করে মোট ৪৮০ জন ছাত্রছাত্রী ভর্তি করা হয়। স্কুল দুটিতে মোট চার হাজার ১০০ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক জিলা স্কুলের একজন শিক্ষক বলেন, অবকাঠামো ও শিক্ষক যা রয়েছে, এতে করে এ দুই স্কুলে কিছু শিক্ষার্থী ভর্তি বাড়ানো যেতে পারে। সাময়িক অসুবিধা হলেও তা সামাল দেওয়া সম্ভব।