চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২৪৮টি কলেজে একাদশ শ্রেণিতে আসন রয়েছে ১ লাখ ৩১ হাজার ৫৭৫টি। এসব কলেজে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তির জন্য আবেদন করে ১ লাখ ৯ হাজার ৮২ জন শিক্ষার্থী। আসনের তুলনায় আবেদনকারী শিক্ষার্থীর সংখ্যা ২২ হাজার ৪৯৩ জন কম ছিল। কিন্তু আসন সংকট না থাকলেও প্রথম মেধাতালিকায় আবেদনকারীদের মধ্যে ভর্তির জন্য নির্বাচিত হয়নি ১১ হাজার ৯৩২ জন। গত ৫ জুন কলেজে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের প্রথম পর্যায়ের ফল প্রকাশ করা হয়।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া বলেন, ভর্তির জন্য নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরা আবেদনের সময় পছন্দক্রমে সর্বোচ্চ সংখ্যক কলেজের নাম দেওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। অনলাইন ও মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করার সুযোগ পেয়েছিল। আসন না পাওয়া শিক্ষার্থীরা হয়তো এর চেয়ে কম কলেজে আবেদন করেছে। তবে তাদের চিন্তা করার কারণ নেই। তারা দেড় শ টাকা ফি দিয়ে নতুন করে আবেদন (৯ থেকে ১০ জুন) করতে পারবে।
গত ৪ মে চলতি বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হয়। এ বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন ১ হাজার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১ লাখ ১৮ হাজার ১১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন। চট্টগ্রাম বোর্ড থেকে এ বছর এসএসসি পাস করেছে ৯৯ হাজার ২২ জন। গত ৯ থেকে ২৬ মে পর্যন্ত কলেজে ভর্তির আবেদনের সময় ছিল। ৫ জুন প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়। বুয়েটের কারিগরি সহায়তায় আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এ তালিকা প্রকাশ করে।
একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ‘ভর্তির প্রাথমিক নিশ্চায়ন’ কার্যক্রম আজ বৃহস্পতিবার মধ্যরাতে শেষ হচ্ছে। এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মোবাইল ব্যাংকিংয়ের সাহায্যে বোর্ডের রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ফি জমা না দিলে শিক্ষার্থীদের আবেদন বাতিল হয়ে যাবে। তবে পরে নতুন করে আবেদন করতে পারবে।
এদিকে কাল শুক্রবার থেকে মাইগ্রেশনের আবেদন শুরু হবে। শনিবার পর্যন্ত এ আবেদন চলবে। একই সময়ে প্রথম তালিকায় আসন না পাওয়া এবং আবেদন বাতিল হওয়া শিক্ষার্থীরাও নতুন করে আবেদন করতে পারবে। ১৩ জুন দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ২০-২১ জুন ও ২৮ থেকে ২৯ জুন কলেজে ভর্তি কার্যক্রম চলবে। শ্রেণি কার্যক্রম শুরু হবে ১ জুলাই।
ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ‘ভর্তির প্রাথমিক নিশ্চায়ন’ গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীরা টেলিটক, শিওর ক্যাশ ও রকেট—যেকোনো একটির মাধ্যমে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি দিতে পারবে।