ভর্তির জন্য নেওয়া অতিরিক্ত ফি ১০ দিনের মধ্যে ফেরত দেওয়ার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার নির্ধারিত ভর্তি ফি’র বাইরে আদায়কৃত অতিরিক্ত টাকা ১০ দিনের মধ্যে ফেরত দেওয়ার জন্য চট্টগ্রামের বেসরকারি বিদ্যালয়গুলোকে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। ভর্তি এবং বেতন ফি সংক্রান্ত নির্ধারিত নিয়ম না মানলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাঠদান স্বীকৃতি এবং এমপিওভুক্তি বাতিলের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ করা হবে বলেও হুমকি দিয়েছেন তিনি। 

আজ বুধবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিকট থেকে বর্ধিত হারে মাসিক বেতন ও অন্যান্য ফি আদায় বন্ধ সংক্রান্ত এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দৌলত-উজ-জামান খান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হোসনে আরা বেগম ও চট্টগ্রাম শিক্ষাবোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক আবুল মনসুর ভূঁইয়া ছাড়াও বিভিন্ন বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন প্রধান শিক্ষকদের উদ্দেশ করে বলেন, ‘বিভিন্ন বেসরকারি স্কুলে ভর্তি ফি বাবদ অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে বলে আমাদের কাছে অনেক অভিযোগ এসেছে। আদায়কৃত অতিরিক্ত অর্থ ১০ দিনের মধ্যে ফেরত দেওয়ার সময় বেঁধে দেওয়া হলো। এ সময়ের মধ্যে অবশ্যই অতিরিক্ত অর্থ ফেরত দিয়ে দেবেন।’
তিনি আরও বলেন, ‘বেতন ফি কোনোভাবেই গত বছরের বেশি হবে না। অন্য কোনো ফিও নেওয়া যাবে না। যদি তা মানা না হয় তাহলে এসব স্কুলের পাঠদান ও এমপিওভুক্তি বাতিলের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ করতে বাধ্য হবো।’
বৈঠকে বাংলাদেশ মহিলা সমিতি বালিকা বিদ্যালয়ের অধ্যক্ষ আনোয়ারা বেগম জানতে চান, বিদ্যালয়ের নতুন ভবনের জন্য তিনি অতিরিক্ত ফি নির্ধারণ করেছিলেন। এটা নেওয়া যাবে কিনা। জবাবে জেলা প্রশাসক সাফ জানিয়ে দেন, ‘এই ধরনের ফি নেওয়া যাবে না।’
এ ছাড়া সভায় বেসরকারি সব স্কুলের ব্যবস্থাপনা কমিটি নির্ধারিত ভর্তি ফি’র তালিকা ১০ দিনের মধ্যে শিক্ষাবোর্ড এবং জেলা প্রশাসকের দপ্তরে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।