ভর্তির তথ্য জানার সুযোগ পেল শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভর্তি-সংক্রান্ত যাবতীয় তথ্য জানাতে গতকাল শনিবার ‘ওপেন হাউস’-এর আয়োজন করা হয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এইউডব্লিও)। এতে বিষয়ভিত্তিক ১৯টি স্টল ছিল। ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকদের প্রয়োজনীয় তথ্য জানাতেই এ আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলে।
ওপেন হাউসে ভর্তি-সংক্রান্ত তথ্য জানতে বান্ধবীদের নিয়ে এসেছিলেন রেহনুমা আমিন। চট্টগ্রামের হাজী মুহাম্মদ মুহসীন কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করেছেন তিনি। রেহনুমা বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা আছে। কিন্তু খরচ কেমন হবে, সেটা জানতাম না। আজ সেসব বিষয়ে বিস্তারিত জেনে নিলাম।’
চাঁদপুর থেকে মেয়ে সামিয়া মানজুমাকে নিয়ে ভর্তিবিষয়ক তথ্য জানতে আসেন নাজমা আকতার। তিনি বলেন, ‘মেয়েকে এই বিশ্ববিদ্যালয়ে পড়ানোর সুযোগ পেলে নিশ্চিন্ত থাকতে পারতাম।’
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সিনিয়র অ্যাডমিশন অফিসার আসিফা হোসেন জানান, আগামী শিক্ষাবর্ষে প্রথম সেমিস্টারে ১৬টি দেশের ১২০ জন ছাত্রী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। তাঁদের মধ্যে ৩০ থেকে ৪০ জন বাংলাদেশি শিক্ষার্থী থাকবেন।