নারায়ণগঞ্জের তোলারাম কলেজ ছাত্রলীগের একটি পক্ষ পাশের সরকারি মহিলা কলেজের কিছু শিক্ষকের সহযোগিতায় প্রতিষ্ঠানটির ৬০০ আসনে টাকার বিনিময়ে ছাত্রীদের ভর্তি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
কলেজে ভর্তি-ইচ্ছুক রুপা আক্তার বলেন, গত সোমবার নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজে অপেক্ষমাণ তালিকায় থাকা ছাত্রীদের ভর্তির কথা ছিল। কিন্তু সকাল থেকে কলেজের অফিস কক্ষ দখল করে বসে থাকে ছাত্রলীগের ক্যাডাররা। তারা তাদের পছন্দ অনুযায়ী ছাত্রী বা অভিভাবকদের কলেজের ভেতরে ঢুকতে দিয়েছে। সরকারি ফির বাইরে তারা ভর্তি-ইচ্ছুক ছাত্রীদের কাছ থেকে পাঁচ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত নিয়েছে।
রুপা আরও বলে, ‘ছাত্রলীগের নেতারা আমাকে ও আমার আরও পাঁচ বান্ধবীকে “পরিচিত” হওয়ার সুবাদে সাড়ে সাত হাজার টাকায় ভর্তি করিয়ে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু সে সামর্থ্য না থাকায় আমরা ভর্তি হতে পারিনি। আজ (গতকাল) ভর্তির আশায় এখানে এসে ঘুরছি।’
ভর্তি-ইচ্ছুক তমা রািন বলে, ‘গতকাল বেলা দুইটা পর্যন্ত ভর্তির ফরম বিক্রির কথা ছিল। কিন্তু সোমবার দুপুরের পর থেকে ফরম বিক্রি করা হচ্ছে না। কলেজের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হয়েছে, ভর্তি ফরম বিক্রি শেষ। অথচ যারা কলেজের কর্মচারী অথবা ছাত্রলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ করে অতিরিক্ত টাকা দিতে সম্মত হয়েছে, তারা ঠিকই ফরম পাচ্ছে। জমা দিচ্ছে। ভর্তিও হচ্ছে।’
ভর্তি-ইচ্ছুক উঞ্জিলা আক্তারের মা শাহনাজ বেগম বলেন, তাঁর মেয়েকে ফরম দেওয়ার পর ছাত্রলীগ নেতা ও কলেজের কর্মীরা সেটি আবার ছিনিয়ে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একাধিক শিক্ষক বলেন, তোলারাম কলেজ ছাত্রলীগের স্বঘোষিত ভিপি রিয়াদ আহমেদ ভর্তি-প্রক্রিয়ার শুরু থেকেই তাঁর আত্মীয় বলে বেশ কিছু মেয়েকে এখানে ভর্তি করান। সোমবার সকাল ১০টায় তিনি প্রায় ৩০-৪০ জন সশস্ত্র ক্যাডার নিয়ে এসে কলেজের অফিস কক্ষে এবং অধ্যক্ষের কক্ষে অবস্থান নেন। সে সময় কলেজের শিক্ষকেরা অধ্যক্ষের কক্ষে জড়ো হলে রিয়াদ অধ্যক্ষ গোপাল চন্দ্র সাহাকে টেলিফোনে কোনো এক নেতার সঙ্গে কথা বলিয়ে দেন। এরপর অধ্যক্ষ অপেক্ষমাণ তালিকায় থাকা প্রায় ৬০০ আসনের ভর্তি তাদের হাতে ছেড়ে দেন।
ওই শিক্ষকেরা আরও বলেন, কলেজের বিজ্ঞান বিভাগে ৪৫০, বাণিজ্য বিভাগে ১০০০ ও মানবিক বিভাগে ১০০০ আসন রয়েছে। মেধাতালিকা থেকে ভর্তির পর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির জন্য ২৯৫ জনের তালিকা তৈরি করেছিল কলেজ কর্তৃপক্ষ। তবে কর্তৃপক্ষ এ তালিকা বাইরে টানাতে পারেনি। এর আগেই ছাত্রলীগের নেতারা ভর্তি-প্রক্রিয়া নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেন।
রিয়াদ আহমেদ স্থানীয় প্রভাবশালী এক সাংসদের ছেলের বন্ধু বলে পরিচিত। তোলারাম কলেজে এত দিন প্রয়াত এক সাংসদের ছেলের সমর্থনপুষ্ট মোস্তাফিজুর রহমান ওরফে টিটু স্বঘোষিত ভিপি ছিলেন। কিন্তু ত্বকী হত্যার পর প্রয়াত সাংসদের ছেলে কোণঠাসা হয়ে পড়ায় তোলারাম কলেজ প্রভাবশালী সাংসদের ছেলের পক্ষের দখলে চলে যায়।
তোলারাম কলেজের ছাত্রলীগ নেতা রিয়াদ আহমেদের মুঠোফোনে কয়েকবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি।
অধ্যক্ষ গোপাল চন্দ্র সাহার মুঠোফোনে কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি। উপাধ্যক্ষ শারমিন সুলতানা বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না।’