ভর্তির নিয়ম পরিবর্তনের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে ভর্তিসংক্রান্ত নিয়ম ও ভুল সংশোধনের দাবিতে লালমনিরহাট সরকারি কলেজে অনার্সে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা গতকাল শনিবার দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত কলেজের সামনে লালমনিরহাট-বুড়িমারী সড়ক অবরোধ করেছেন।জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমানের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা বেলা একটায় অবরোধ প্রত্যাহার করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, লালমনিরহাট সরকারি কলেজ থেকে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে কেউ এ বছর এ কলেজে অনার্সে ভর্তি হওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাননি। আজ রোববার বেলা দুইটার মধ্যে শিক্ষার্থীদের তাঁদের জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীদের মধ্যে যাঁরা অনার্সে ভর্তির অনুমোদন পেয়েছেন, তাঁদের জেলার আদিতমারী ডিগ্রি কলেজ, কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা ডিগ্রি কলেজ, হাতীবান্ধা আলীমুদ্দিন ডিগ্রি কলেজে নির্ধারিত তারিখের মধ্যে ভর্তি হতে বলা হয়েছে। লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষ আরজুমান্দ বানু বলেন, আন্দোলনরত শিক্ষার্থীদের বাধার জন্য কোনো শিক্ষার্থী এ কলেজে অনার্সে ভর্তি হতে পারছেন না। আবার এ কলেজে অনার্সে ভর্তি-ইচ্ছুকরা তাঁদের জন্য অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হতে ইচ্ছুক নন। এ সমস্যার সমাধান না হলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন।