ভর্তির পর এবার পড়া নিয়ে শঙ্কা

পঞ্চম শ্রেণির পরীক্ষা দিয়েই শারমিনের পড়ালেখা বন্ধ হয়ে যায়। কদিন পর শিক্ষকেরা বাড়িতে এসে ট্যালেন্টপুলে বৃত্তি পাওয়ার খবর দেন। এরপর গ্রামের লোকজন তাঁকে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি করেন। বাড়িতে বাড়িতে ঘুরে গৃহশিক্ষকতা করে পড়াশোনা চালিয়ে যান শারমিন। ছোট ভাই-বোনদের পড়াশোনার খরচ চালানোর পাশাপাশি পরিবারেও টাকা দিতে হয়। এভাবে পড়াশোনা করে অষ্টম শ্রেণিতেও বৃত্তি পান।
এসএসসি-এইচএসসি পাস করে এবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন (বিবিএ) বিভাগে ভর্তি হয়েছেন। তবে ধারদেনা করে ভর্তি হয়ে বাড়িতে ফিরে এসেছেন। পড়াশোনার টাকা জোগাড় ও সংসার কীভাবে চলবে তা নিয়ে দুচিন্তায় পড়েছেন।
শারমিন সুলতানা ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদর ইউনিয়নের উচালিয়াপাড়া গ্রামের আবুলাল মিয়ার বড় মেয়ে। শারমিন ২০১২ সালে এসএসসিতে জিপিএ ৪.৭৫ ও ২০১৪ সালে এইচএসসিতে জিপিএ ৪.৬০ পেয়ে পাস করেন। জিপিএ-৫ না পেলেও সাহস হারাননি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় স্থান পান।
সরেজমিনে স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে জানা গেছে, শারমিনের বাবা আবুলাল মিয়া শারীরিক প্রতিবন্ধী ও মা গৃহিণী। তাঁর ছোট দুই ভাই ও এক বোন স্কুলে পড়ে। সম্বল বলতে পৌনে এক শতাংশ জমির ছোট্ট একটি টিনশেড ঘর। সেখানে পড়ালেখা কিংবা ভালোভাবে থাকারও ব্যবস্থা নেই।
আবুলাল মিয়া বলেন, ‘আমার শরীলে শক্তি নাই। এক পা ছোট্টু। কাম কাইজ তেমন করতে পারি না। ঠিকমতো খাবারও জোটে না। ট্যাহা না থাকলে মাইয়াডারে কই মা ট্যাহা দাও।’
শারমিনের মা হেনা আক্তার বলেন, ‘আমরা গরিব। ওর (শারমিন) বাপে কাজ করতে ফারে না। অহন লেখাপড়ার এত ট্যাহা দিমু কেমনে। মাইনষের সাহায্যে মেয়েডারে সিলেটে ভর্তি করছি। সামনে পড়া শুরু অইব। অহন কী করুম বুঝতাছি না।’
শারমিন বলেন, ‘আমার পরিবার অনেক গরিব। কষ্ট করে হলেও পড়াশোনা শেষ করে দেশের সেবা করতে চাই। কীভাবে পড়াশোনা শেষ করব বুঝতে পারছি না। তবে মন বলছে আমি পারব।’